অনলাইন ডেস্ক, ৪ মে, ২০২৫: রবিবার আগরতলা রেল স্টেশন থেকে যাত্রা শুরু করেছে পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন। ত্রিপুরা এবং উত্তর-পূর্বাঞ্চলের জন্য এটি একটি বিশেষ দিন। কার্গো ট্রেন পার্সেল পরিবহনের ক্ষেত্রে একটি দ্রুত এবং আরও নির্ভরযোগ্য মাধ্যম প্রদান করবে।
যা রাজ্যের আর্থিক প্রবৃদ্ধি ও বাণিজ্যিক সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এই ট্রেনের সূচনা লজিস্টিক ব্যবস্থাপনায় একটি নতুন দিগন্ত উন্মোচন করছে। আগরতলা থেকে ভারতের বিভিন্ন বাণিজ্যিক হাব যেমন কলকাতা, গুয়াহাটি ও দিল্লি পর্যন্ত দ্রুত পণ্য পরিবহন এখন অনেক বেশি সহজ ও কার্যকর হবে।
পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন এই অঞ্চলের কৃষিজ পণ্য, হস্তশিল্প ও ক্ষুদ্র ব্যবসাকে দেশের মূলস্রোতের সঙ্গে যুক্ত করতে সাহায্য করবে। ভারতের বিভিন্ন অঞ্চলের সাথে সংযুক্ত করবে এই কার্গো পরিষেবা এবং এই নতুন পরিষেবাটি ভারতের বিভিন্ন অঞ্চলগুলির মধ্যে ব্যবসা-বাণিজ্যকে উৎসাহিত করবে ও পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবে এবং ব্যবসার জন্য আরও দক্ষ এবং সাশ্রয়ী সমাধান প্রদান করবে বলে আশা করা হচ্ছে।








