অনলাইন ডেস্ক, ১৪ অক্টোবর, ২০২৬: সেবা সংকল্প অভিযান-এর অঙ্গ হিসেবে আজ আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে ‘সেবা কে রং, রাষ্ট্র কে সঙ্গ’ শীর্ষক এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। রঙ্গোলির রঙিন নকশার মাধ্যমে জাতীয় সংহতি, দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা এবং জনসেবার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। এছাড়াও আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, সমাজসেবী অজন্তা ভট্টাচার্য, সমাজসেবী অসীম ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের জনসেবার গৌরবময় ও ঐতিহাসিক অধ্যায়কে সামনে রেখে গত ১৭ সেপ্টেম্বর থেকে সেবা সংকল্প অভিযানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশজুড়ে এই কর্মসূচির মাধ্যমে জনসেবা, জাতীয় চেতনা এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘জনসেবা হি রাষ্ট্র সেবা’ এই ভাবনাকে সামনে রেখে রঙ্গোলির মাধ্যমে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্য ও স্বপ্ন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিও এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
মুখ্যমন্ত্রী রঙ্গোলি তৈরিতে অংশগ্রহণকারী মহিলাদের উদ্যোগ ও সৃজনশীলতার প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের কর্মসূচি সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সেবামূলক মনোভাব, দেশপ্রেম ও ঐক্যের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজ্যস্তরের পাশাপাশি রাজ্যের জেলাগুলিতেও এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এছাড়াও রাজ্যের ৫৮টি ব্লকে পর্যায়ক্রমে এই কর্মসূচি আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে রাজ্যের বিভিন্ন ব্লকেও এই কর্মসূচি পালন করা হবে। অনুষ্ঠানে রঙ্গোলির মাধ্যমে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ ও জাতীয় উন্নয়নের ভাবনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের কনভেনার তথা বিশিষ্ট সমাজসেবী অজন্তা ভট্টাচার্য।







