কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে সিপিআইএম ছেড়ে বিজেপিতে ৫২ পরিবার

অনলাইন ডেস্ক, ৪ মে, ২০২৫:ত্রিপুরার পিছিয়ে পড়া জনজাতি অধ্যুষিত এলাকাগুলির মধ্যে অন্যতম হল কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আঠারমুড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত রায়হামছা গুচ্ছগ্রাম। দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার অভাব এই এলাকাকে পিছিয়ে রেখেছিল।

তবে বর্তমান বিজেপি সরকারের আমলে পরিস্থিতির পরিবর্তন ঘটছে বলে দাবি করেন ত্রিপুরা রাজ্যের জনজাতি কল্যাণ ও শিক্ষা দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। রবিবার ২৯ কৃষ্ণপুর বিধানসভা বিজেপি মণ্ডলের উদ্যোগে মুঙ্গিয়া কামি আরডি ব্লকের অধীন ১৮ মুড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত ৪১ মাইল রায়হামছা গুচ্ছ গ্রামে একটি যোগদান সভার আয়োজন করা হয়।

এদিনের সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, মণ্ডল সাধারণ সম্পাদক ওয়াথরাই মলসুম,খোয়াই জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি রশিদ মিয়া সহ মণ্ডলের অন্যান্য নেতৃত্বরা। এই সভায় মন্ত্রী বিকাশ দেববর্মার হাত ধরে সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দেন মোট ৫২টি পরিবার, যার ভোটার সংখ্যা ১৪১ জন।

নতুন সদস্যদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে দলীয়ভাবে বরণ করে নেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, “বিগত সিপিআইএম শাসনকালে এই অঞ্চলের জনজাতি মানুষজন শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন।

বর্তমানে বিজেপি সরকার সেই চিত্র পাল্টে দিতে নিরলসভাবে কাজ করে চলেছে। বিশেষত জনজাতি অধ্যুষিত এলাকাগুলির উন্নয়নে শিক্ষার প্রসার, স্বাস্থ্য পরিসেবা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা প্রকল্পে জোর দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, এই উন্নয়নের ধারা দেখে পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলেও মানুষ বিভিন্ন দল ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নিচ্ছেন।

Leave a Comment