মিলছে শুধু আশ্বাস, হচ্ছে না সমাধান, পানীয়জলের দাবিতে রাস্তা অবরোধ গ্রামবাসীদের

প্রগতি ত্রিপুরা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ : পানীয়জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসীরা। রাস্তা অবরোধের ফলে সংশ্লিষ্ট এলাকায় তীব্র যানজট সহ নাজেহালের শিকার নিত্যযাএীরা।

ঘটনা কৈলাসহরের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। উল্লেখ্য, কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনস্হ শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ড এলাকায় বিগত এক সপ্তাহ ধরে পানীয়জলের তীব্র সংকট চললেও স্থানীয় পানীয়জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকদের কোনো হেলদোল নেই।

এরফলে দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ বিরাজ করছে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ড এলাকায়। অবরোধকারীরা জানান যে, এলাকায় কয়েকটি জায়গায় জল সরবরাহের পাইপ ফেঁটে যাওয়ায় বিগত এক সপ্তাহ ধরে পাঁচ নং ওয়ার্ডের পঞ্চাশ থেকে ষাট পরিবার পানীয়জল থেকে বঞ্চিত রয়েছেন।

গ্রামবাসীরা স্থানীয় পানীয়জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিককে কয়েকবার মৌখিক ভাবে এবং লিখিত ভাবে জানানোর পরও দপ্তরের পক্ষ থেকে পাইপ সারাই করে দেওয়া হয়নি।

এলাকায় পাম্প মেশিন থাকার পরও জল সরবরাহের পাইপ নষ্ট না থাকার কারনে গ্রামবাসীরা পানীয়জল থেকে বঞ্চিত রয়েছেন বিগত এক সপ্তাহ ধরে। দপ্তরের পক্ষ থেকে গ্রামে গাড়ি দিয়েও পানীয়জল সরবরাহ করা হয়নি বলেও জানান অবরোধকারীরা।

উল্লেখ্য, শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ড এলাকায় অধিকাংশ নাগরিকরাই সংখ্যালঘু সম্প্রদায়ের।বর্তমানে পবিত্র রমজান মাস চলছে।সারাদিন না খেয়ে রোজা পালন করছেন।

এমতাবস্থায় এলাকার প্রতিটি ঘরে পানীয়জল না থাকায় গ্রামবাসীরা তীব্র উত্তেজিত হয়ে এবং ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সকাল দশটা থেকে পাঁচ নং ওয়ার্ডে নুরপুর-হীরাছড়া রাস্তা অবরোধ শুরু করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে।

অবরোধের খবর পেয়ে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তুয়াকুল আলী এবং পঞ্চায়েত সদস্য আরজান আলী অবরোধ স্থলে এসে অবরোধকারীদের সাথে দীর্ঘক্ষন আলোচনা করার পর উনারা জানান যে, আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে জল সরবরাহের পাইপ সারাই করে দেওয়া হবে। এই আশ্বাস পাবার পর অবরোধ কারীরা দুপুরে অবরোধ প্রত্যাহার করে নেয়।

এই অবরোধের ফলে অবরোধের দুপাশে ছোট বড় অনেক গাড়ি আটকে পড়েছিলো। তবে, অবরোধ কারীরা এও জানান যে, যদি আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে পাইপ সারাই করে পানীয়জল সরবরাহ স্বাভাবিক করে দেওয়া না হয়।

তাহলে আগামীকাল বৃহৎ পরিসরে অনির্দিষ্টকালের জন্যে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হবে বলেও হুশিয়ারি দেন।

Leave a Comment