নারী সুরক্ষায় তৎপর মহিলা কমিশন, রাজ্যজুড়ে সচেতনতা কর্মসূচি নেওয়ার পরিকল্পনা

প্রগতি ত্রিপুরা, ১৫ অক্টোবর, ২০২৬: দুর্গাপুজোর আবহে নারী ও কন্যাদের নিরাপত্তা এবং অধিকার রক্ষায় বিশেষ কর্মসূচি হাতে নিতে চলেছে রাজ্য মহিলা কমিশন। পুজোর সময় থেকে শুরু করে পরবর্তী পর্যায়েও বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে আরও সচেতন করার উদ্যোগ নেওয়া হবে। সম্প্রতি গঠিত কমিশনের নতুন কমিটি আগামী দিনে এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা।

মহিলা কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, নারী ও কন্যাদের উপর নির্যাতন এবং নানা ধরনের হেনস্তার ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। সমাজের সর্বস্তরে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটানো প্রয়োজন।

ঝর্ণা দেববর্মার কথায়, নারীর অধিকার, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত না হলে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এই লক্ষ্যকে সামনে রেখে কমিশন আগামী দিনেও ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছে নারী নির্যাতন ও মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনাগুলিকে গুরুত্ব দিয়ে তুলে ধরার আবেদন জানান তিনি। তাঁর মতে, এ ধরনের ঘটনা সম্পর্কে সংবাদ পরিবেশন জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

Leave a Comment