বেসরকারি মেডিক্যাল কলেজের ফি বৃদ্ধি ও ফলাফল নিয়ে সরব SFI, তিন দফা দাবিতে স্মারকলিপি

প্রগতি ত্রিপুর, ১৫ অক্টোবর, ২০২৬: বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে ফি বৃদ্ধি, পরিকাঠামোগত ঘাটতি এবং প্রথম বর্ষের পরীক্ষায় বিপুল সংখ্যক পড়ুয়ার অকৃতকার্য হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিন দফা দাবিতে মেডিক্যাল এডুকেশনের অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দিল SFI ত্রিপুরা রাজ্য কমিটি। সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন দেবের নেতৃত্বে এই স্মারকলিপি পেশ করা হয়।

গত ৭ অক্টোবর রাজ্যের তিনটি মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। SFI-এর দাবি, প্রকাশিত ফলাফলকে কেন্দ্র করে শিক্ষামহলে উদ্বেগ তৈরি হয়েছে। সরকারি মেডিক্যাল কলেজ এজিএমসি-র তুলনায় বেসরকারি মেডিক্যাল কলেজগুলির ফলাফল অত্যন্ত হতাশাজনক বলে দাবি করেছে সংগঠনটি। বিশেষ করে টিএমসি এবং শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে তারা।

সংগঠনের বক্তব্য, এই পরিস্থিতির জন্য শুধুমাত্র পড়ুয়াদের দায়ী করা যায় না। মেডিক্যাল কলেজগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব এবং বেসরকারিকরণের প্রভাবও খতিয়ে দেখা প্রয়োজন। বারবার ফি বৃদ্ধি করা হলেও সেই অনুপাতে পরিকাঠামোর উন্নয়ন হচ্ছে না বলে অভিযোগ SFI-এর।

স্মারকলিপিতে সংগঠনটি তিনটি দাবি জানিয়েছে। প্রথমত, বেসরকারি মেডিক্যাল কলেজগুলির ৫০ শতাংশ আসনে সরকারি মেডিক্যাল কলেজের সমতুল্য ফি কাঠামো কার্যকর করতে হবে। দ্বিতীয়ত, পরীক্ষায় অকৃতকার্য পড়ুয়াদের ফলাফল ও তার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি খতিয়ে দেখতে হবে। তৃতীয়ত, বর্ধিত ফি অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি মেডিক্যাল কলেজগুলির ফি নির্ধারণ করতে হবে।

SFI-এর অভিযোগ, বেসরকারিকরণের ফলে রাজ্যের চিকিৎসা শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর প্রভাব পড়ছে পড়ুয়াদের ভবিষ্যতের উপর। তাই অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

পাশাপাশি, চিকিৎসা শিক্ষার পরিকাঠামোগত উন্নয়ন, স্বচ্ছ ফি কাঠামো কার্যকর করা এবং পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত করার দাবিতে রাজ্যের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে SFI ত্রিপুরা রাজ্য কমিটি।

 

Leave a Comment