প্রগতি ত্রিপুরা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ : *, তেলিয়ামুড়া থানাধীন মধ্য ব্রহ্মছড়া এলাকায় সোমবার গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
নিশিকুটুম্বের একটি দল স্থানীয় এক রাবার ব্যবসায়ীর গোদামে হানা দিয়ে বিপুল পরিমাণ রাবার ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ।
ক্ষতিগ্রস্ত রাবার ব্যবসায়ী রাজকুমার সরকার জানান, মঙ্গলবার সকালে তিনি গোদামে এসে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন। গোদামের অবস্থা দেখে তিনি হতভম্ব হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে বিষয়টি তেলিয়ামুড়া থানায় জানান।
ব্যবসায়ীর অভিযোগ অনুযায়ী, চোরের দল প্রায় ২ টন রাবার সিট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষাধিক টাকা, এবং সঙ্গে প্রায় ১ লক্ষাধিক টাকা নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাজকুমার সরকার প্রশাসনের কাছে চুরির ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে চুরি যাওয়া রাবার ও নগদ অর্থ উদ্ধারের দাবি জানান।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।








