খোয়াইয়ে ১৫ কোটি টাকা ব্যয়ে বহুতল শপিং কমপ্লেক্স নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর

প্রগতি ত্রিপুরা, ১৫ অক্টোবর, ২০২৬: খোয়াই, সুভাষ পার্ক বইমেলা মাঠে গাড়ি পার্কিংয়ের সুবিধাসহ ১৫ কোটি টাকা ব্যয়ে একটি বহুতল শপিং কমপ্লেক্স নির্মাণের ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। একই অনুষ্ঠানে ভার্চুয়ালি খোয়াই জেলার বিভিন্ন স্থানে আরও ২০টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। সব মিলিয়ে ২১টি প্রকল্পের জন্য প্রায় ৩৯ কোটি টাকা ব্যয় করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।

উদ্বোধন হওয়া প্রকল্পগুলির মধ্যে রয়েছে লালছড়া মহাশ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লি, আয়রনমুক্ত ডিপ টিউবওয়েল, বিভিন্ন বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, গার্লস হোস্টেল, আয়ুষ্মান আরোগ্য মন্দির-সহ একাধিক জনকল্যাণমূলক পরিকাঠামো।

সুভাষ পার্ক বইমেলা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়িকা কল্যাণী রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ, জেলা পুলিশ সুপার ডি. জগদীশ্বর রেড্ডি, রাজ্য শিক্ষা দপ্তরের অধিকর্তা সুমিত রায় চৌধুরী, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা এবং খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষার প্রসার, উন্নত স্বাস্থ্য পরিষেবা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আত্মনির্ভরতার মাধ্যমে উন্নত ও শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলাই রাজ্য সরকারের মূল লক্ষ্য। তাঁর কথায়, রাজ্যের প্রতিটি ক্ষেত্রে সর্বজনীন উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করে চলেছে। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সাধারণ মানুষের সুবিধার্থে উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ২০১৮ সালের পর থেকে রাজ্যে কর্মসংস্কৃতির সূচনা হয়েছে। গত অর্থবর্ষে রাজ্যের প্রতিটি মহকুমা ও জেলায় প্রায় ১,৫০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজের শিলান্যাস করা হয়েছে। চলতি অর্থবর্ষে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি প্রায় ১,২০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বলেও জানান।

খোয়াই জেলার উন্নয়নের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ২০২২ সালের ৬ ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত জেলায় ৭১টি উন্নয়নমূলক প্রকল্পে মোট ১,০৩৩ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এর মধ্যে ১৯টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি ৫২টি প্রকল্পের কাজ চলছে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রসঙ্গে তিনি জানান, তুলাশিখর ব্লকের গ্রামীণ সড়ক পরিকাঠামোর উন্নয়নে ১০৭ কোটি টাকা ব্যয় করা হয়েছে। খোয়াই ও তেলিয়ামুড়া হয়ে সাব্রুমের হরিণ পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণের জন্য ১৬০ কোটি টাকা এবং আগরতলা থেকে খোয়াই হয়ে কৈলাশহর পর্যন্ত জাতীয় সড়কের জন্য ১১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

রাজ্য সরকারের এই উদ্যোগের মাধ্যমে খোয়াই জেলার পরিকাঠামোগত উন্নয়ন, জনপরিষেবার সম্প্রসারণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে আরও গতি আসবে বলে আশা প্রকাশ করা হয়।

Leave a Comment