কলসীরমুখে মালবাহী ট্রাকের ধাক্কায় স্কুটি চালকের মৃত্যু

প্রগতি ত্রিপুর, ১৬ অক্টোবর, ২০২৬: কলসীরমুখ এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক স্কুটি চালকের। শুক্রবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে শান্তিরবাজার মহকুমার বাইখোড়ার পশ্চিম চড়কবাই এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, মৃত ব্যক্তির নাম অজয় শীল শর্মা। তিনি বাইখোড়ার পশ্চিম চড়কবাই এলাকার বাসিন্দা। নিজের কাজ সেরে শুক্রবার সকালে টিআর ০৮ জি ৮৩০৯ নম্বরের স্কুটি নিয়ে জোলাইবাড়ি থেকে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। পথে কলসীরমুখ এলাকায় পৌঁছতেই টিআর ০৩ জে ১৭৩৯ নম্বরের একটি মালবাহী ট্রাক তাঁর স্কুটিটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় স্কুটি থেকে ছিটকে জাতীয় সড়কের উপর পড়ে যান অজয় শীল শর্মা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে জোলাইবাড়ি দমকল বাহিনীর কর্মীরা এবং বাইখোড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তাঁকে উদ্ধার করে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বর্তমানে মৃতদেহটি বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Leave a Comment