ছাটাই আদেশ প্রত্যাহার সহ চাকরি ফেরানোর দাবিতে কমিউনিটি হেলথ গাইডদের বিক্ষোভ

প্রগতি ত্রিপুরা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬: : ত্রিপুরা কমিউনিটি হেলথ গাইড ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে সোমবার বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হয়। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে স্বাস্থ্য পরিষেবা প্রদানের সঙ্গে যুক্ত থাকার পর ২০২৫ সালের ১ নভেম্বর থেকে রহস্যজনকভাবে তাঁদের কাজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ।

ত্রিপুরা কমিউনিটি হেলথ গাইডদের ছাটাই করার প্রতিবাদে এদিন সার্কিট হাউস এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন তারা। তাদের বক্তব্য, তারা বাড়ি বাড়িতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিত তাদের নিয়োজিত ছিল। কিন্তু স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তরের সচিব গত ১লা নভেম্বর এক আদেশ মূলে তাদের ছাটাই করে দেন।

সমিতির দাবি, ১৯৮১ সালে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অধীনে ত্রিপুরায় কমিউনিটি হেলথ গাইড কর্মী নিয়োগ করা হয়। সে সময় তাঁদের মাসিক সম্মানিক ভাতা ছিল মাত্র ৫০ টাকা। প্রত্যন্ত গ্রাম ও পাহাড়ি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রের নির্দেশিকা মেনে প্রাথমিক স্বাস্থ্য পিরষেবা পৌঁছে দেওয়াই ছিল তাঁদের দায়িত্ব। নিয়োগপত্রে জীবিত থাকা পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার সুযোগের উল্লেখ ছিল বলেও কর্মীদের দাবি। বর্তমানে সাড়ে সাত হাজার টাকা বেতন পেতেন।

আজ তারা কর্মচ্যুত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং চার দফা দাবিতে ত্রিপুরা সরকারের, স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তরের সচিবের নিকট ডেপুটেশন প্রদান করেন। তাদের দাবি সি এইচ জি প্রকল্প অব্যাহত রাখতে হবে। বে-আইনী ছাটাই আদেশ প্রত্যাহার এবং ছাটাই সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশ করতে হবে। সি এইচ জি কর্মীদের পি এস ইউ’র মত মর্যাদা দিতে হবে। সি এইচ জি কর্মীদের সামাজিক সুরক্ষার্থে ভাতা নিশ্চিত করতে হবে। নাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান।

Leave a Comment