প্রগতি ত্রিপুরা, ০৩ সেপ্টেম্বর, ২০২৬: : দীর্ঘ আইনি লড়াই ও রাজপথের সংগ্রামের পর অবশেষে ঘোষিত হয়েছে এডিসি এলাকার ভিলেজ কমিটি নির্বাচন। এই নির্বাচন ঘোষণাকে ‘গণতান্ত্রিক আন্দোলনের বড় জয়’ বলে আখ্যা দিয়ে সালেমা আরডি ব্লকে ১০টি ভিলেজ কমিটির জন্য মনোনয়ন পত্র জমা দিল সিপিআইএম।
সংগঠনের নেতারা জানান, বিগত ১০ বছর ধরে ভিলেজ কমিটি নির্বাচন না হওয়ায় এডিসি এলাকার সাধারণ মানুষ তাঁদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছিলেন। এর ফলে স্তব্ধ হয়ে পড়েছিল সার্বিক উন্নয়ন এবং ব্যাপক দুর্নীতি দেখা দিয়েছিল। রাজ্য সরকারের অনিচ্ছা সত্ত্বেও সাধারণ মানুষের লাগাতার আন্দোলন ও আইনি লড়াইয়ের চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত এই নির্বাচন ঘোষণা করতে বাধ্য হয়েছে প্রশাসন।
মনোনয়ন পেশকে কেন্দ্র করে এদিন সালেমা ব্লকে এক সুবিশাল মিছিল সংগঠিত হয়। প্রাকৃতিক দুর্যোগ এবং নানা ধরণের ভয়-ভীতি ও বাধা-বিপত্তিকে উপেক্ষা করে শত শত কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ লাল ঝাণ্ডা হাতে মিছিল করে ব্লক সদরে পৌঁছান। এতে নারী-পুরুষ উভয় অংশেরই ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ততা দেখা যায়।
সিপিআইএম নেতৃত্বের দাবি, বর্তমান শাসনের সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র এবং সংবিধান রক্ষায় বামফ্রন্ট প্রার্থীরাই মূল শক্তিস্বরূপ কাজ করবে। এলাকার হারিয়ে যাওয়া উন্নয়নমূলক কাজ পুনরায় চালুর জন্য সাধারণ মানুষ বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবেন বলে আশাপ্রকাশ করেছে দলটি।








