বিশালগড়ে ইনডোর স্টেডিয়ামে দুর্ধর্ষ চুরি: টেবিল টেনিস প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ

প্রগতি ত্রিপুরা, ০৩ সেপ্টেম্বর, ২০২৬: : বিশালগড় থানাধীন অঞ্চলের চণ্ডীপুর অটল বিহারী বাজপেয়ী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ইনডোর হলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুষ্কৃতীরা হলের সমস্ত বৈদ্যুতিক তার ও তামার সরঞ্জাম কেটে নিয়ে পালিয়েছে, যার ফলে বর্তমানে পুরো ইনডোর স্টেডিয়ামটি চরম অন্ধকারে নিমজ্জিত।

স্থানীয় সূত্রের খবর, গত বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রামপ্রসাদ দেওঘরিয়ার বিশেষ উদ্যোগে এই ইনডোর হলটি গড়ে উঠেছিল। সেখানে সিপাহীজলা জেলার একমাত্র টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণ করছিল। অবসরপ্রাপ্ত পিআই গিরিধারী দেবনাথের পরিচালনায় এবং সার্বিক উদ্যোগে গত ৫ বছর ধরে এই কেন্দ্রটি পরিচালিত হয়ে আসছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে ইতিমধ্যেই প্রায় ১৫ জন খেলোয়াড় জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছে।

কিন্তু গত মাসখানেক ধরে ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটায় কেন্দ্রটির কার্যক্রম ভেঙে পড়েছে। কোচের বক্তব্য অনুযায়ী, “সপ্তাহে বিনামূল্যে প্রায় ৩৫ জন ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু একের পর এক চুরির ঘটনায় এখন আলো পর্যন্ত নেই। আমরা কীভাবে খেলা চালানো অব্যাহত রাখব?”

এলাকাবাসীর অভিযোগ, সন্ধ্যার পর বিদ্যালয়ের চারপাশে অপরিচিত যুবকদের আনাগোনা এবং সমাজবিরোধীদের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। একাধিকবার বিশালগড় থানার পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো সত্ত্বেও সঠিক সময়ে নজরদারি না থাকায় এই ঘটনা ঘটেছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। অবিলম্বে অপরাধীদের গ্রেফতার ও ইনডোর স্টেডিয়ামটিতে পুনরায় ক্রীড়া পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন খেলার সাথে যুক্ত শিক্ষার্থী ও অভিভাবকরা।

Leave a Comment