প্রগতি ত্রিপুরা, ০৩ সেপ্টেম্বর, ২০২৬: : কমলপুর আমবাসা রাস্তার পূর্ব পাশে বয়ে গেছে খরস্রোতা ধলাই নদী। গত বছর ভয়াবহ বন্যায় সালেমার রাখালতলীর বিদ্যুত নিগম অফিস সংলগ্ন রাস্তার পাশে নদীর গতিপথ পরিবর্তন হয়ে বাঁক সৃষ্টি হয়ে রাস্তায় এসে ঠেকেছে। বর্ষার যে কোনো বন্যায় কমলপুর আমবাসা রাস্তার বৃহৎ অংশ নদী গর্ভে চলে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রাস্তার পাশে দুই থেকে আড়াইশো পরিবার সম্পূর্ন নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে ওই এলাকার বসবাসকারীদের মধ্যে গভীর আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এলাকার জনৈক বাসিন্দা জানান, এলাকার ধলাই নদী কয়েক বছর আগে এখান থেকে প্রায় দুশো মিটার পূর্বে ছিল। প্রতি বছর নদী ভাঙ্গনের দরুন বাঁক নিয়ে বিপদজনক হয়ে রাস্তায় এসে ঠেকেছে। যেকোনো বন্যায় গুরুত্বপূর্ণ রাস্তা নদী গর্ভে বিলীন হয়ে যাবে। বিছিন্ন হবে যোগাযোগ এবং ক্ষতিগ্রস্ত হবে এলাকার বসবাসকারীরা। এলাকার বাসিন্দাদের দাবি ওই এলাকার নদী ভাঙ্গন রোধ করা হোক।








