প্রগতি ত্রিপুরা, ০৩ সেপ্টেম্বর, ২০২৬: : কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার আগে দেশের সাধারণ মানুষের কাছে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সরকার ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতিগুলির অনেকটাই বাস্তবায়িত হয়নি—এমনই অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল যুব কংগ্রেস।
বৃহস্পতিবার দুপুর প্রায় ১২টা নাগাদ খোয়াই কংগ্রেস ভবনে তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের জেলা সভাপতি সঞ্জন চৌধুরী, যুব কংগ্রেসের নেতৃত্ব বিশান দেববর্মা, খোয়াই ব্লক যুব কংগ্রেসের সভাপতি জীবন দেব সহ অন্যান্য নেতৃত্বরা।
এদিনের সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেসের নেতৃত্বরা অভিযোগ করেন, কেন্দ্রে সরকার ক্ষমতায় আসার আগে সাধারণ মানুষের সামনে যে সমস্ত প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছিল, তার কোনোটিই সঠিকভাবে রক্ষা করা হচ্ছে না। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বাস্তব পরিস্থিতির বিস্তর ফারাক রয়েছে বলেও দাবি করেন তাঁরা।
নেতৃত্বদের বক্তব্য, দেশের সাধারণ মানুষকে সামনে রেখে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও বর্তমানে সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের ক্ষেত্রে কেন্দ্রের সরকার ব্যর্থ। এর ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এই সমস্ত বিষয়কে সামনে রেখেই এবার আন্দোলনের পথে নামছে যুব কংগ্রেস। সাংবাদিক সম্মেলন থেকে যুব কংগ্রেসের নেতৃত্বরা জানান, বিভিন্ন প্রতিশ্রুতি খেলাপের প্রতিবাদে আগামী ১১ সেপ্টেম্বর খোয়াইয়ে গণ অবস্থান কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে সাধারণ মানুষের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়গুলি তুলে ধরা হবে।
তাঁদের দাবি, শুধু নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিলেই হবে না, সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের দায়িত্বও সরকারের রয়েছে। সাধারণ মানুষের স্বার্থে দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন আরও জোরদার করা হবে বলেও সাংবাদিক সম্মেলন থেকে বার্তা দেওয়া হয়। যুব কংগ্রেসের নেতৃত্বরা আরও জানান, ১১ সেপ্টেম্বরের গণ অবস্থান কর্মসূচিতে দলের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও অংশগ্রহণ করার আহ্বান জানানো হবে।
আগামী দিনে জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানান তাঁরা। সব মিলিয়ে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে খোয়াইয়ের মাটিতে যুব কংগ্রেসের এই গণ অবস্থান কর্মসূচি কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।








