সোনামুড়ায় বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী উদ্ধার

প্রগতি ত্রিপুরা, ৪ সেপ্টেম্বর, ২০২৬: সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে নেশাসামগ্রী পাচারের বড়সড় চেষ্টা ব্যর্থ করে দিল বিএসএফ এবং স্থানীয় পুলিশ প্রশাসন।

গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে পরিচালিত এক যৌথ টহলদারিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ এসকফ সিরাপ ও গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোনামুড়া থানার অন্তর্গত দুর্গাপুর সীমান্ত এলাকায় ৮১ নম্বর ব্যাটালিয়নের এনসি নগর বিওপির বিএসএফ জোয়ানদের নেতৃত্বে যৌথ টহলদারি চালানোর সময় এই সাফল্য আসে।

ভারত-বাংলাদেশ সীমান্ত বেড়ার (ফেনসিং) কাছে লুকিয়ে রাখা অবস্থায় ১৭৫ বোতল নিষিদ্ধ এসকফ সিরাপ এবং প্রায় ১০ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। ঘটনাস্থল থেকেই কোনো দাবিদার না থাকায় এই নিষিদ্ধ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।

G

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এই সমস্ত নেশাজাতীয় সামগ্রী অবৈধভাবে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই সীমান্তে এনে জড়ো করা হয়েছিল। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ২ লক্ষ ৭৫ হাজার টাকা।

​ঘটনার প্রেক্ষিতে সোনামুড়া থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। এই পাচার চক্রের সাথে কারা জড়িত এবং এসব সামগ্রীর প্রকৃত মালিক কে, তা খতিয়ে দেখতে পুলিশ তল্লাশি অব্যাহত রেখেছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

Leave a Comment