মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়ে শীর্ষে স্মৃতি মান্ধানা

প্রগতি ত্রিপুরা, ৪ সেপ্টেম্বর, ২০২৬ : বৃহস্পতিবার উইমেনস এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে এক বিধ্বংসী শতরানের ইনিংসে ইতিহাস গড়লেন ভারতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে এখন তাঁর নাম।

​হংকংয়ের বিপক্ষে মাত্র ৬৪ বলে ১২৪ রানের এক ঝোড়ো ইনিংস খেলার পথে ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালী রাজকে অতিক্রম করেন এই বাঁহাতি ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটে মিতালীর সংগ্রহ ছিল ১০,৮৬৮ রান। বর্তমানে তিন ফরম্যাট মিলিয়ে মান্ধানার মোট রান সংখ্যা দাঁড়িয়েছে ১০,৮৮০। নিজের এই ইনিংসে ১৪টি চার ও ৭টি ছক্কা হাঁকান তিনি।

শুধু রান নয়, শতরানের বিচারেও সবাইকে পেছনে ফেলেছেন মান্ধানা। এটি তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৮ নম্বর শতরান। এর মাধ্যমে তিনি টপকে গেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মেগ ল্যানিং এবং দক্ষিণ আফ্রিকার লরা উলভার্টকে—যাঁদের উভয়েরই রয়েছে ১৭টি করে সেঞ্চুরি। নারী আন্তর্জাতিক ক্রিকেটে এখন সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও স্মৃতি মান্ধানা।

​নিজের এই অভাবনীয় অর্জনের পর নম্র সুর স্মৃতি মান্ধানার গলায়। তিনি বলেন, “এই সব রেকর্ড তৈরি হয়েছে তা আমি জানতামই না। তবে ব্যাটিং করতে আমি ভালোবাসি এবং দলের জয়ে অবদান রাখতে পেরে আনন্দিত। ক্রিকেটে সব দিন সমান যায় না—কোনও দিন ব্যাটের মাঝখান দিয়ে বল সীমানা পার হয়, আবার কোনও দিন ব্যাটের কানায় লেগে আউট হতে হয়। খেলাটা সত্যিই অনিশ্চিত।”

​এ দিন প্রথমে ব্যাট করতে নেমে মান্ধানার ইনিংসে ভর করেই নির্দিষ্ট ওভারে ৫ উইকেটে ১৯৩ রান তোলে ভারত। মান্ধানার পর দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ওপেনার শেফালি ভার্মা (২৮)। নিজের এই সাফল্য পরিবারকে উৎসর্গ করেছেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।

প্রতিপক্ষ হংকংয়ের বোলিং ও ফিল্ডিংয়ের প্রশংসা করে মান্ধানায় জানান, পাওয়ার-প্লেতে তাঁদের নিয়ন্ত্রিত বোলিং ভারতের জন্য কিছুটা কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছিল। ২০১৩ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই তারকা ব্যাটারকে। গত বছর নিজের প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক শতরান পূর্ণ করে তিন ফরম্যাটেই সেঞ্চুরি করা প্রথম ভারতীয় নারী ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেছিলেন তিনি।

মান্ধানার ব্যাটিং তাণ্ডবের পর বল হাতে জাদু দেখান দীপ্তি শর্মা। তিনি তুলে নেন ৩টি উইকেট। হংকংকে অল্প রানে আটকে রেখে সহজেই এশিয়া কাপের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে ভারতীয় দল।

Leave a Comment