প্রগতি ত্রিপুরা, ২৬ নভেম্বর, ২০২৫: মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীনে এবং মহারাষ্ট্র নলেজ কর্পোরেশন লিমিটেডের সহযোগিতায় ডিজিট্যাল এমপ্লয়েবিলিটি এনহেন্সমেন্ট প্রোগ্রাম কোর্স সফলভাবে সম্পন্ন করার জন্য ইন্দ্রনগর আইটিআই এবং মহিলা আইটিআই’র ১৪০ জন প্রার্থীর মধ্যে আজ সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে মহিলা আইটিআই ভবনের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের যুগ্ম অধিকর্তা সুতীর্থা পাল, মহিলা আইটিআই’র অধ্যক্ষ ভাষ্কর দেববর্মা এবং দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের ওএস রঞ্জিত দেববর্মা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে রাজ্যের আইটিআইগুলির প্রায় ৮০০ জনের বেশি শিক্ষার্থী এই কোর্সের জন্য নাম নথিভুক্ত করেছেন। এই কোর্সটি অনলাইনে পরিচালিত হচ্ছে। এই কোর্সের মাধ্যমে ইনফরমেশন টেকনোলজি, ডিজাইনিং, হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং, প্রোগ্রামিং, অ্যাকাউন্টিং ইত্যাদি বিষয়ে বেসিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এখন পর্যন্ত আইটিআই ইন্দ্রনগর এবং মহিলা আইটিআই থেকে ১৪০ জন শিক্ষার্থী সফলভাবে কোর্সটি সম্পন্ন করেছে।








