প্রগতি ত্রিপুরা, ২৬ নভেম্বর, ২০২৫: সংবিধান হলো ভারতের আত্ম। সংবিধান দেশের মানুষকে একসূত্রে বেঁধে রেখেছে। বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের দূরদর্শী পদক্ষেপের ফসল আমাদের সংবিধান আজকের দিনে গণপরিষদে গৃহীত হয়েছিল।
আমাদের প্রত্যেকের কর্তব্য সংবিধানকে উর্ধ্বে তুলে ধরা এবং তা রক্ষা করা। আজ সকালে কুঞ্জবনস্থিত পি.এম.-শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে (১ নং) সংবিধান দিবস পালন অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু একথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে রাজ্যপাল ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। রাজ্যপাল সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন। ছাত্রছাত্রী এবং অন্যান্য অতিথিগণও রাজ্যপালের সঙ্গে সঙ্গে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন। রাজ্যপাল বলেন, ছাত্রছাত্রীরা হলো দেশের ভবিষ্যৎ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্যপূরণে ছাত্রছাত্রীদেরও এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। রাজ্যপাল খেলাধুলায় ছাত্রছাত্রীদের উল্লেখ্যযোগ্য সাফল্য এবং পাঠদানে শিক্ষক শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদের শংসাপত্র প্রদান করেন।
অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন শিলচরস্থিত কে.ভি.এস. আর.ও.-এর ডেপুটি কমিশনার পি.আই.টি. রাজা। স্বাগত বক্তব্য রাখেন কুঞ্জবনস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ মনোজ কুমার। অনুষ্ঠান শুরুর আগে রাজ্যপাল বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, গ্রন্থাগার, বিজ্ঞান প্রদর্শন কেন্দ্র, ল্যাবরেটরি ঘুরে দেখেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন।
আজ সকালে রাজভবনেও সংবিধান দিবস পালন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন। রাজভবনের আধিকারিক এবং কর্মচারিগণ রাজ্যপালের সঙ্গে সঙ্গে প্রস্তাবনা পাঠ করেন। রাজ্যপালের সচিব ইউ.কে. চাকমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।








