এডিসি নির্বাচনকে কেন্দ্র করে কুমারঘাটে বিজেপির শক্তি প্রদর্শন, হাজার হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিতে মনোনয়ন জমা

প্রগতি ত্রিপুরা, ২৫ মার্চ, ২০২৬: আসন্ন এডিসি নির্বাচন কে সামনে রেখে কুমারঘাটে শক্তি প্রদর্শন করল ভারতীয় জনতা পার্টি। হাজার হাজার কর্মী-সমর্থকদের উপস্থিতিতে জনজোয়ারে পরিণত হয় কুমারঘাট জনপথ।

এদিন এডিসির ২ নম্বর আসনের প্রার্থী মনজুর রানী সরকার এবং ৪ নম্বর আসনের প্রার্থী বিমল কান্তি চাকমার সমর্থনে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়।

দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত পরিবেশে কর্মী-সমর্থকরা মিছিল করে কুমারঘাট মহকুমা কার্যালয়ে পৌঁছান এবং সেখানে আনুষ্ঠানিকভাবে দুই প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী টিংকু রায়, মণ্ডল সভাপতি রাজীব চাকমা সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মীরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, মানুষের আশীর্বাদ ও সমর্থন নিয়ে আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে।

তিনি জানান, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণ এবার বিজেপির উপর আস্থা রাখবেন বলে দল আশাবাদী।

নেতৃত্বের দাবি, পাহাড়ের উন্নয়নের ইস্যুকেই সামনে রেখে নির্বাচনী লড়াইয়ে নেমেছে বিজেপি এবং ১০০ শতাংশ জয়ের লক্ষ্যে সংগঠনের প্রতিটি স্তরের কর্মীরা একযোগে কাজ করছেন।

এদিনের বিশাল মিছিল ও মনোনয়ন জমা কর্মসূচি ঘিরে কুমারঘাট এলাকায় উৎসবমুখর রাজনৈতিক পরিবেশের লক্ষ্য করা গেল।

Leave a Comment