পানীয় জলের দাবিতে চার ঘণ্টা সড়ক অবরোধ

প্রগতি ত্রিপুরা, ২৪ মার্চ, ২০২৬: পানীয় জলের দাবিতে খোয়াই এলাকায় চার ঘণ্টা সড়ক অবরোধ: বিডিও-র আশ্বাসে সাময়িকভাবে মিটল সমস্যা।

প্রত্যাহার করা হলো পথ অবরোধ। সামনেই এডিসি নির্বাচন। তার আগেই পানীয় জলের তীব্র সংকটে ক্ষোভ আছড়ে পড়ল রাজ্যের বনমন্ত্রীর নিজের এলাকায়। পানীয় জলের দাবিতে মঙ্গলবার সকালে খোয়াই মহকুমার তুলাশিখর ব্লকের চাম্পাহাওর এলাকায় দীর্ঘ চার ঘণ্টা সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

পরে বিডিও-র আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুকনা মরশুমের শুরুতেই চাম্পাহাওর এলাকায় পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে।

দিনের পর দিন এই সমস্যা চললেও প্রশাসনের তরফে কোনো স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী আজ সকালে চাম্পাহাওর চৌমুহনী বাজার সংলগ্ন এলাকায় রাস্তা আটকে বিক্ষোভে শামিল হন।

বনমন্ত্রী অনিমেষ দেববর্মার খাস এলাকায় এই অবরোধকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।অবরোধের জেরে খোয়াই-চাম্পাহাওর সড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ পর তুলাশিখর ব্লকের বিডিও ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত পানীয় জলের ব্যবস্থা করার আশ্বাস দেন। বিডিও-র আশ্বাসের ওপর ভিত্তি করে প্রায় চার ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

Leave a Comment