প্রগতি ত্রিপুরা, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ : সাব্রুমে ভাড়াটিয়া বাড়িতে প্রাণিসম্পদ দপ্তরের এক কর্মচারীর মৃতদেহ উদ্ধার। তার নাম মতীন্দ্র ত্রিপুরা।
এই দুঃসংবাদে শোকের ছায়া নেমে আসে সাব্রুম শহরের হাসপাতাল সংলগ্ন নেতাজিপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা চন্দ্রশেখর রায়ের ভাড়াটিয়া, ৩৮ বছর বয়সি এআরডিএ দপ্তরের কর্মচারী মতেন্দ্র ত্রিপুরা (পিতা: প্রয়াত রতি কুমার ত্রিপুরা; বাড়ি: রুপাইছড়ি ব্লকের বিষ্ণুপুর এলাকায়), সকালে ঘরের দরজা না খোলায় সহভাড়াটিয়া ডাকাডাকি করেন।
সাড়া না পেয়ে দরজা খুললে ঘরের ফ্লোরে খাটের এক পাশে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে।
তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। পরে ফরেনসিক টিম ও মহকুমা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট উপস্থিত হন।
দেহ ময়নাতদন্তের জন্য সাব্রুম মহকুমা হাসপাতাল-এ পাঠানো হবে। সহকর্মীদের বক্তব্য, আগের রাতেও তাঁর সঙ্গে কথা হয়েছিল এবং তিনি সুস্থই ছিলেন।
আকস্মিক এই ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের আবহ বিরাজ করছে।








