প্রগতি ত্রিপুরা, ২২ ডিসেম্বর ২০২৫: ত্রিপুরা জুড়ে মাদক পাচারের অন্যতম করিডোর হিসেবে ক্রমেই চিহ্নিত হয়ে উঠছে উত্তর জেলা।
এই জেলা দিয়েই রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন মাদক ছড়িয়ে পড়ছে, তেমনই সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও পাচারের অভিযোগ দীর্ঘদিনের।
তুই
সেই প্রেক্ষাপটে ফের বড়সড় সাফল্য পেল উত্তর জেলার দামছড়া থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে ত্রিপুরা–মিজোরাম সীমান্তবর্তী দামছড়া এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ।
অভিযানে তিন লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ হেরোইন সহ আটক করা হয় দুই জন মাদক কারবারিকে। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া হেরোইন তিনটি সাবানের বাক্সে লুকানো অবস্থায় রাখা ছিল।
মোট তিন প্যাকেট হেরোইনের ওজন প্রায় ৩৩ গ্রাম। উদ্ধারকৃত হেরোইনের কালোবাজারি মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা বলে জানিয়েছেন দামছড়া থানার এক সাব-ইন্সপেক্টর।
তিনি জানান,এই ঘটনায় আটক করা হয়েছে দামছড়া এলাকার বাসিন্দা উনাঞ্জয় রিয়াং এবং অসমের শ্রীভূমি জেলার কটামনি এলাকার জিল্লুল আহমেদকে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, এটি একটি সুসংগঠিত আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের অংশ।
এই ঘটনায় দামছড়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই পাচারচক্রের পেছনে থাকা মূল মাথা বা ‘রাঘব বোয়ালদের’ খোঁজে জোরদার তদন্ত চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
ক্রমাগত এই ধরনের সাফল্যের মধ্য দিয়ে উত্তর ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে পুলিশ যে আরও কঠোর অবস্থান নিচ্ছে, তা স্পষ্ট—তবে একইসঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে সীমান্তবর্তী এলাকাগুলিতে মাদক পাচারের ক্রমবর্ধমান নেটওয়ার্ক।








