প্রগতি ত্রিপুরা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শনিবার আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী মূর্তির পাশে ধর্না কর্মসূচি পালন করল ফোরাম অব সিভিল পেনশনার্স’ অ্যাসোসিয়েশনস, ত্রিপুরা স্টেট। সংগঠনের উদ্যোগে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ধর্না কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পেনশনভোগীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধান, আর্থিক সুযোগ-সুবিধায় সমতা এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে মোট ১১ দফা দাবি সামনে রাখা হয়েছে।
ধর্না কর্মসূচি থেকে সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে ভ্যালিডেশন সংক্রান্ত ব্যবস্থা প্রত্যাহার, সমস্ত অংশের পেনশনভোগীদের মধ্যে সমতা প্রতিষ্ঠা, নির্দিষ্ট সময় অন্তর পে কমিশন চালু করা এবং সেই প্রক্রিয়ার সঙ্গে অন্তর্বর্তী আর্থিক সুবিধা প্রদান, পাশাপাশি ডিয়ারনেস রিলিফ (ডিআর) ৫০ শতাংশে পৌঁছানোর পর তা মূল বেতন ও মূল পেনশনের সঙ্গে যুক্ত করার দাবি জানানো হয়।
সংগঠনের দাবি, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অসামঞ্জস্য রয়েছে। ফলে পেনশনভোগীদের একটি বড় অংশ আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাই সরকারের কাছে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যাগুলোর সমাধানের আবেদন জানানো হয়েছে।
ধর্না কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সচিব গোপাল চন্দ্র সেন বলেন, পেনশনভোগীদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যেই এই কর্মসূচি। দীর্ঘদিন ধরে দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও প্রত্যাশিত সমাধান না হওয়ায় সংগঠনকে আন্দোলনের পথে নামতে হয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে সংগঠনের সভাপতি মানিক লাল ভট্টাচার্যী বলেন, রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারীরা দীর্ঘ কর্মজীবনে সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। অবসরের পর তাঁদের ন্যায্য আর্থিক সুবিধা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তাই পেনশনভোগীদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে আবেদন জানান তিনি।
ধর্না কর্মসূচিতে সংগঠনের সদস্য ও পেনশনভোগীরা উপস্থিত থেকে বিভিন্ন দাবির সমর্থনে স্লোগান দেন। আগামী দিনে দাবি পূরণ না হলে সংগঠনের পক্ষ থেকে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হতে পারে বলেও জানানো হয়।








