গতকাল জিবি হাসপাতাল একটি ঘটনাকে কেন্দ্র করে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের বিক্ষোভ

প্রগতি ত্রিপুরা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬: জিবি হাসপাতালের মেডিসিন ওপিডিতে কর্তব্যরত এক সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদে সরব হয়েছে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। চিকিৎসকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও কর্মক্ষেত্রে সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংগঠনের পক্ষ থেকে কলেজ প্রশাসনের কাছে একাধিক দাবি জানানো হয়েছে।

ঘটনার প্রতিবাদে এবং সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবিতে আগামীকাল সকাল ৯টা থেকে কলেজের প্রিন্সিপালের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে আরডিএ। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে কলেজ প্রশাসনের কাছে পাঁচ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে।

আরডিএ-র পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট ভিডিওগুলি অপসারণ এবং ভুল তথ্য প্রচার হয়ে থাকলে তার সংশোধন ও ক্ষমা প্রার্থনা। ভবিষ্যতে অনুমতি ছাড়া এ ধরনের ভিডিও প্রচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট সিনিয়র রেসিডেন্টের পেশাগত সম্মান ও মর্যাদা রক্ষার দাবিও জানানো হয়েছে।

দ্বিতীয় দাবিতে সংগঠনটি সংশ্লিষ্ট চিকিৎসকের বক্তব্য গ্রহণ না করে কোনো ধরনের একতরফা ‘মিডিয়া ট্রায়াল’ বা জনসমক্ষে সিদ্ধান্ত গ্রহণ বন্ধ করার দাবি জানিয়েছে। তৃতীয় দাবিতে হাসপাতালের ওয়ার্ড, ওপিডি-সহ রোগী পরিষেবা এলাকায় অনুমতি ছাড়া ছবি তোলা ও ভিডিও করার ওপর নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়েছে। আরডিএ-র বক্তব্য, এতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের গোপনীয়তা এবং নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

চতুর্থ দাবিতে, চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়ে থাকলে বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

পঞ্চম দাবিতে হাসপাতাল চত্বরে বর্তমানে নিযুক্ত SIS নিরাপত্তারক্ষীদের পরিবর্তে TSR জওয়ান মোতায়েন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য আরও কার্যকর ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

আরডিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Leave a Comment