প্রগতি ত্রিপুরা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬: রাজধানীর বাধারঘাট এলাকার একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হলো গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রোডাক্ট ইউনিয়নের ১৩তম বোর্ড মিটিং। সভায় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রোডাক্ট ইউনিয়নের চেয়ারম্যান রতন ঘোষ-সহ বোর্ডের অন্যান্য সদস্যরা।
সভায় রাজ্যে দুধ ও দুগ্ধজাত সামগ্রীর উৎপাদন বৃদ্ধি, দুগ্ধ উৎপাদকদের উৎসাহিত করা এবং আগামী দিনে দুধের চাহিদা মেটাতে উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়গুলি গুরুত্ব পায়।
মিটিং শেষে মন্ত্রী সুধাংশু দাস জানান, রাজ্যে দুধের চাহিদার তুলনায় বর্তমানে উৎপাদন কম। অথচ দুধ একটি গুরুত্বপূর্ণ পুষ্টিকর খাদ্য এবং মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় এর গুরুত্ব রয়েছে। তাই রাজ্যের অভ্যন্তরে দুধের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট দপ্তর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
তিনি জানান, দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত উৎপাদকদের আরও উৎসাহিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজ্যে দুগ্ধশিল্পকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
মন্ত্রী আরও জানান, দুধ ও দুগ্ধজাত সামগ্রীর উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে দেশের বিভিন্ন প্রান্তে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এই লক্ষ্যকে সামনে রেখে কয়েক মাস আগে এনডিটিভি, গোমতী কো-অপারেটিভ মিল্ক ইউনিয়ন এবং ত্রিপুরা সরকারের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই চুক্তির মাধ্যমে রাজ্যের দুগ্ধ উৎপাদন ও সংশ্লিষ্ট পরিকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বোর্ড মিটিংয়ে রাজ্যের দুগ্ধ উৎপাদন ক্ষেত্রকে আরও গতিশীল করার পাশাপাশি আগামী দিনে দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা পূরণে কীভাবে উৎপাদন বাড়ানো যায়, সেই বিষয়েও আলোচনা হয়।








