গোলাবাড়ি-মাইগঙ্গা সড়কে মুখোমুখি সংঘর্ষ!ঘটনাস্থলেই মৃত্যু যুবকের!!

বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি-মাইগঙ্গা সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম প্রণয় দে (জুন)। তিনি তেলিয়ামুড়া থানার অন্তর্গত জয়নগর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোলাবাড়ি-মাইগঙ্গা সড়কে একটি গাড়ি ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে বাইক আরোহী প্রণয় দে ঘটনাস্থলেই গুরুতরভাবে জখম হন এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা। পরে দমকলকর্মীরা যুবককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের মর্গে রাখা হয়েছে তাঁর মৃতদেহ।

এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কী ভাবে এবং কোন পরিস্থিতিতে গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হল, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার পর সড়কের নিরাপত্তা ও রাতের যান চলাচল নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

Leave a Comment