প্রগতি ত্রিপুরা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬: যাত্রাপুর থানার অন্তর্গত বাসপুকুর এলাকায় এক ডিআইবি কনস্টেবলের বিরুদ্ধে তোলাবাজি, হুমকি ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর ডিআইবি-তে কর্মরত কনস্টেবল বিকাশ দেবনাথের দিকে।
অভিযোগকারী এক স্থানীয় কাঠ ব্যবসায়ীর দাবি, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ব্যবসা করে আসছেন। সম্প্রতি বিভিন্নভাবে তাঁকে হয়রানি করার পাশাপাশি অভিযুক্ত পুলিশকর্মী তাঁর কাছে একটি দামি কাঠের খাট দাবি করেন। সেই দাবি পূরণে অস্বীকার করায় তাঁকে দেখে নেওয়ার পাশাপাশি এনডিপিএস মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
ব্যবসায়ীর আরও অভিযোগ, খাট না দিলে তাঁর বিরুদ্ধে এলাকায় বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হবে, সামাজিকভাবে হেয় করা হবে এবং আইনি জটিলতায় জড়িয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে ভয় দেখানো হয়েছে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভিত্তিহীন রটনা ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। একজন পুলিশকর্মীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়রা।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে ব্যবসায়ী গোটা ঘটনার বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি তিনি উচ্চপদস্থ পুলিশ প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তাঁকে নিরাপত্তা ও আইনি সহায়তা দেওয়ার আবেদন জানান।
অভিযোগকারী কনস্টেবল বিকাশ দেবনাথের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।








