মোহনপুর মহকুমাভিত্তিক যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ০৩ সেপ্টেম্বর, ২০২৬: মোহনপুর মহকুমা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয়ের উদ্যোগে আজ মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে স্কুল স্পোর্টস মিট-২০২৬-এর অন্তর্গত অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা বিভাগের মহকুমাভিত্তিক যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোহনপুর মহকুমার চারটি ব্লক ও একটি পুর পরিষদ এলাকা থেকে মোট ৫৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় খেলোয়াড়রা বিভিন্ন যোগাসন প্রদর্শনের মাধ্যমে তাঁদের দক্ষতা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাস, মোহনপুর বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমাদ্রি দেববর্মা, মোহনপুর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. অন্তরা চাকমা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মোহনপুর মহকুমা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয়ের ইয়ুথ প্রোগ্রাম অফিসার মধুসূদন দেববর্মা বলেন, যোগাসন শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি খেলোয়াড়দের শৃঙ্খলা, মনোযোগ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিযোগিতা শেষে জেলা স্তরের যোগা প্রতিযোগিতায় মোহনপুর মহকুমার প্রতিনিধিত্ব করার জন্য যোগ্য ১৮ জন খেলোয়াড় নির্বাচিত হয়।

Leave a Comment