ঊনকোটি জেলায় অসংক্রামক রোগ পর্যালোচনা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ১২ মে, ২০২৬:আজ ঊনকোটি জেলার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY) এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা (CMJAY) ২০২৩-এর সুবিধাভোগী শনাক্তকরণ ব্যবস্থা (BIS) সংক্রান্ত এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই সভায় জেলার সমস্ত আয়ুষ্মান আরোগ্য মন্দির-এর কমিউনিটি হেলথ অফিসাররা অংশগ্রহণ করেন।

একই সাথে, আজকের এই সভায় জেলায় অসংক্রামক রোগ (NCD) নিয়ন্ত্রণ কর্মসূচির অগ্রগতি নিয়ে একটি বিশদ পর্যালোচনা বৈঠকও সম্পন্ন হয়েছে। কর্মশালায় উপস্থিত আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ডিস্ট্রিক্ট প্রোগ্র্যাম কোর্ডিনেটর ডাঃ অলকেশ চৌধুরী AB-PMJAY এবং CMJAY প্রকল্পের আওতায় থাকা সুবিধাভোগীদের দ্রুত এবং নির্ভুলভাবে শনাক্ত করার ওপর জোর দেন।

মে মাস জুড়ে জেলায় যে বিশেষ কার্ড জেনারেশন ড্রাইভ চলছে, তার লক্ষ্যমাত্রা অর্জনে CHOS-দের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যাতে জেলার প্রতিটি যোগ্য পরিবার এই স্বাস্থ্য বীমার আওতায় আসতে পারে, তা নিশ্চিত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। জেলার প্রতিটি প্রান্তের মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’ বা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলোর ভূমিকা অনস্বীকার্য।

আজকের বৈঠকে প্রতিটি কেন্দ্র থেকে কতজন নতুন সুবিধাভোগীকে পোর্টালভুক্ত করা হয়েছে, তার খতিয়ান নেওয়া হয়। আজকের এই বিশেষ বৈঠকে জেলার অসংক্রামক রোগ যেমন- উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো রোগের স্ক্রিনিং ও ফলো-আপ চিকিৎসার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়। নথিবদ্ধ তথ্যের ভিত্তিতে জেলার এনসিডি পোর্টাল আপডেট করার জন্য CHOS-দের বিশেষ প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে উপস্থিত জেলার স্বাস্থ্য আধিকারিক জানান, আমাদের লক্ষ্য হলো মে মাসের শেষ নাগাদ জেলার শতভাগ যোগ্য পরিবারের কাছে আয়ুষ্মান কার্ড পৌঁছে দেওয়া। আজকের এই কর্মশালা CHOS-দের প্রযুক্তিগত সমস্যার সমাধান করতে এবং এনসিডি স্ক্রিনিং প্রক্রিয়ায় গতি আনতে সাহায্য করবে। আমরা চাই ঊনকোটি জেলা স্বাস্থ্য পরিষেবার প্রতিটি সূচকে শ্রেষ্ঠত্ব অর্জন করুক।

উক্ত কর্মশালায় উপস্থিত স্বাস্থ্যকর্মীরা এই জীবনদায়ী প্রকল্পগুলোর সফল রূপায়নে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সুবিধাভোগী শনাক্তকরণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুততর করার শপথ নেওয়া হয় এই সভা থেকে। ঊনকোটি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment