আগরতলা, ১২ মে।। ত্রিপুরা রেলওয়ে হকার কর্মী এসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার এক অনন্য দেশ প্রেমমূলক ও সামাজিক সম্প্রীতির কর্মসূচির আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠার জন্য বাংলার সচেতন গণদেবতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। দেশের উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করার প্রত্যয়ে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান উদ্যোক্তারা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় আগরতলা ও যোগেন্দ্রনগর রেল স্টেশন কমিটির যৌথ ব্যবস্থাপনায় রেল যাত্রীদের হাতে বিনামূল্যে পরিবেশন করা হয় ঝালমুড়ি। “এক মুঠো ঝালমুড়ি — দেশপ্রেম ও সৌহার্দ্যের বন্ধন” এই মূলমন্ত্রকে সামনে রেখে আজকের এই মহতী উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়। ত্রিপুরার প্রাক্তণ মুখ্যমন্ত্রী ও বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব মার্গদর্শনে পরিচালিত হয় এই সংগঠন। এই কর্মসূচিতে প্রায় ৫০ কেজি মুড়ি ও ৩৫ কেজি চানাচুর, সঙ্গে পেঁয়াজ, কাঁচালঙ্কা, সরিষার তেল, আচার, আদা ও লবণের সুনিপুণ সমন্বয়ে সুস্বাদু ঝালমুড়ি প্রস্তুত করা হয়। পরে তা প্রায় দুই হাজারেরও বেশি রেল যাত্রীর মধ্যে অত্যন্ত উৎসাহ ও আন্তরিকতার সঙ্গে বিতরণ করা হয়। রেল যাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস আজকের অনুষ্ঠানকে এক বিশেষ মাত্রা দেয়। অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের নেতা-কর্মীরা জানান, এই ধরনের উদ্যোগ শুধু যাত্রী সেবাই নয়, বরং দেশপ্রেম, সামাজিক সম্প্রীতি এবং জনসংযোগ বৃদ্ধির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও সংগঠন জনস্বার্থে ও দেশসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে এ ধরনের সেবামূলক কর্মসূচি অব্যাহত রাখবে। সংগঠনের সভাপতি বিপ্লব কর বলেন, দেশ সেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী উন্নয়নমুখী আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে বদ্ধপরিকর।







