দীর্ঘদিনের বেহাল গ্রামীণ রাস্তা এবং স্থানীয় শান্তি মৈত্রী বুদ্ধবিহার মন্দিরের নানা সমস্যা খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন এমডি সিরতিশ ত্রিপুরা

প্রগতি ত্রিপুরা, ২০ মে, ২০২৬: পেচারতল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডেপাছড়া এলাকার দীর্ঘদিনের বেহাল গ্রামীণ রাস্তা এবং স্থানীয় শান্তি মৈত্রী বুদ্ধবিহার মন্দিরের নানা সমস্যা খতিয়ে দেখতে এক মাঠপর্যায়ের পরিদর্শনে গেলেন ৪ নং করমছড়া এডিসি কেন্দ্রের নবনির্বাচিত এমডিসি রতিশ ত্রিপুরা।

এলাকাবাসীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে, ঘনবসতিপূর্ণ এই ডেপাছড়া এলাকার একমাত্র গ্রামীণ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে, যার ফলে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি স্থানীয় শান্তি মৈত্রী বুদ্ধবিহারেরও জরুরি সংস্কার প্রয়োজন। এডিসি নির্বাচনে জয়লাভের পর এলাকার মানুষের এই দীর্ঘদিনের সমস্যার কথা মাথায় রেখেই তিনি এই এলাকা পরিদর্শনে যান।

পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমডিসি রতিশ ত্রিপুরা জানান, এলাকার রাস্তা এবং মন্দিরের সমস্যাগুলো সত্যিই উদ্বেগজনক। তিনি দ্রুত এই বিষয়গুলি নিয়ে ঊনকোটি জেলার এডিসি প্রশাসনের পিডব্লিউডি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবেন। পাশাপাশি দলের উচ্চ মহলেও এই নিয়ে বিস্তারিত আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

এদিনের সফরে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রাণেশ দেওয়ান, যিনি ওয়াইটিএফ-এর পেচারতল ব্লকের সভাপতি, সুপর্ণা চাকমা, যিনি টিপরা মথা দলের পেচারতল ব্লকের সভানেত্রী, প্রয়াস চাকমা, যিনি ওয়াইটিএফ-এর পেচারতল ব্লকের সাধারণ সম্পাদক, এবং স্থানীয় টিপরা মথা নেতৃত্ব সুমন দেবনাথ সহ অন্যান্যরা। এলাকাবাসীরা আশা করছেন, এমডিসি-র এই সক্রিয় উদ্যোগের পর দীর্ঘদিনের এই সড়ক ও বিহার সংস্কারের কাজ দ্রুত বাস্তবায়িত হবে।

Leave a Comment