প্রগতি ত্রিপুরা, ১১ এপ্রিল, ২০২৬: সদর মহকুমা শাসকের কার্যালয় থেকে অভয়নগর কাটাখালের পাড়ে বসবাসকারী বেশ কিছু পরিবারকে উচ্ছেদের উদ্দেশ্যে নোটিশ করা হয়েছে। দীর্ঘ বছর ধরে এই পরিবার গুলি এখানে বসবাস করছেন। এদের বেশীরভাগ গরীব ও শ্রমজীবী অংশের মানুষ যারা কায়িক শ্রমের মাধ্যমে স্বল্প আয়ে দিনযাপন করেন। এরকম পরিবার গুলিকে উপযুক্ত পুনর্বাসন ছাড়া উচ্ছেদের চেষ্টা চরম অমানবিক।
আগরতলা শহরে বামফ্রন্ট সরকারের সময়ে আবাসন তৈরী করে উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে বেশ কিছু জায়গা খালি করা হয়েছিল। বর্তমান বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার ও পুর নিগম বারবার পুনর্বাসন ছাড়া গরীব মানুষের আশ্রয় কেড়ে নিচ্ছে। যা চূড়ান্তভাবে নিন্দনীয়।
১১ এপ্রিল, শনিবার দুপুরে সিপিআই(এম) এর তরফে সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তীর নেতৃত্বে মহকুমা সম্পাদকমন্ডলীর সদস্য বিশ্বজিৎ দেব, অভয়নগর লোকাল সম্পাদক প্রসেনজিৎ সিনহা,পার্টি নেতা গৌতম দেব, কৌশিক চক্রবর্তী, কাজল রেখা সিনহা সহ স্থানীয় নেতৃত্ব গন অভয়নগরে গিয়ে উচ্ছেদের নোটিশপ্রাপ্ত পরিবার গুলির সাথে সরাসরি কথা বলেন। এলাকাবাসী নেতৃত্বের কাছে অকপটে বলেন, তারা দীর্ঘ বছর ধরে উক্ত এলাকায় বসবাস করছেন। ঘর বাড়ি তৈরী করার পর পুর নিগমে সম্পদ কর ও বিদ্যুত বিল ইত্যাদি মিটিয়ে থাকেন। নিন্মবিত্ত পরিবার গুলির বিকল্প কোনো বাসস্থান নেই তারপরও পুর নিগম উচ্ছেদের যে পদক্ষেপ নিয়েছে এতে তারা হতভম্ব হয়ে পড়েছেন। এদিন নেতৃত্ব সমবেত এলাকাবাসীকে জানিয়েছেন, বিকল্প পুনর্বাসন ছাড়া উচ্ছেদের বিরুদ্ধে লড়াইয়ে সবর্তোভাবে পাশে থাকবেন।
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সদর মহকুমা কমিটি অভয়নগর কাটাখালের পাড়ে বসবাসকারী পরিবার গুলিকে আগরতলা পুর নিগমের দ্বারা উচ্ছেদের জন্য করা নোটিশের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমাদের পার্টি সিপিআই(এম)দাবী করছে, আগরতলা পুর নিগম অবিলম্বে অমানবিক নোটিশ প্রত্যাহার করে উক্ত এলাকাবাসীর সাথে আলোচনার মাধ্যমে সুবিধাজনক স্থানে পরিবার গুলির পুনর্বাসন নিশ্চিত করা হোক।








