অনলাইন ডেস্ক, ১৯ মার্চ, ২০২৬: টি.টি.এ.এ.ডি.সি.র সাধারণ নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা, শৃঙ্খলা বজায় রাখা এবং যানজট প্রতিরোধের লক্ষ্যে শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয়ের আশাপাশ এলাকায় যানবাহন চলাচলের ক্ষেত্রে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহতিা, ২০২৩ এর ১৬৩ ধারার অধীনে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এক আদেশনামায় শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক জানিয়েছেন, শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়টি নির্বাচন সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম যেমন মনোনয়ন দাখিল, স্ক্রুটিনি এবং ভোটগ্রহণের সরঞ্জামগুলি সংরক্ষণ এবং বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করার লক্ষ্যে একটি উচ্চ নিরাপত্তা বলয় করা হচ্ছে। তাই নির্বাচনী কাজে নিয়োজিত যানবাহন ও জরুরি পরিষেবাগুলির চলাচলে যাতে বাধা সৃষ্টি না হয় তাই এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এই আদেশনামায় শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ের ঠিক সামনের রাস্তার অংশটি সব ধরনের সরকারি ও বেসরকারি যানবাহনের চলাচলের জন্য বন্ধ করা হয়েছে। তবে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সরকারি যানবাহন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহন এবং জরুরি পরিষেবায় নিয়োজিত যানবাহন (অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস) এবং রিটার্নিং অফিসার কর্তৃক বৈধ প্রবেশপত্র রয়েছে এমন যানবাহনগুলির ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। এই আদেশ আজ থেকে আগামী ১৮ এপ্রিল, ২০২৬ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।







