প্রগতি ত্রিপুরা, ১৭ মার্চ, ২০২৬: সোনামুড়া বড়দোয়াল এলাকায় ধানক্ষেত নষ্ট হওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগকারী আলী আজগর জানান, প্রতিবেশী আওগাল হোসেন ও তার স্ত্রী লিলুফা বেগমের গরু তার ধানক্ষেতে ঢুকে ব্যাপক ক্ষতি করেছে। তিনি জানান, বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে আওগাল হোসেন ও লিলুফা বেগম ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করতে শুরু করে।
এছাড়াও অভিযোগকারী দাবি করেন যে, ঘটনার পর মামলা দায়ের করার কারণে এলাকায় কিছু প্রভাবশালী ব্যক্তি তাকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ ও হুমকি দিতে থাকে। আরো অভিযোগ, এলাকার শাসক দলের পঞ্চায়েত উপপ্রধান আবু তাহের মজুমদার এবং পঞ্চায়েত সদস্য আনোয়ার হোসেন খন্দকার তাকে ডেকে মামলা তুলে নিতে বলেন। দরবার বসানোর নামে তার কাছ থেকে পাঁচ হাজার টাকা দাবি করা হয় এবং বলা হয় দরবারটি পঞ্চায়েত অফিসে নয়, বরং উপপ্রধানের ব্যক্তিগত বাড়িতে হবে।
অভিযোগকারী এতে আপত্তি জানিয়ে বলেন যে, দরবার হলে তা পঞ্চায়েত অফিসেই হওয়া উচিত। কিন্তু এতে তারা ক্ষিপ্ত হয়ে তাকে গালাগালি ও বিভিন্ন ধরনের হুমকি দেয় বলে অভিযোগ। এমনকি তারা বলে, তাদের অনুমতি ছাড়া এলাকায় পুলিশও আসবে না। এ ঘটনায় নিজেকে নিরাপত্তাহীন বলে দাবি করে প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।







