দুটি অঙ্গনওয়াড়ি সেন্টার চালাচ্ছেন একজন শিক্ষিকা

প্রগতি ত্রিপুরা, ২ ফেব্রুয়ারী, ২০২৬: রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের এ কেমন ব্যবস্থাপনা! দুটি অঙ্গনওয়াড়ি সেন্টার চালাচ্ছেন একজন শিক্ষিকা!!ঘটনাটি আশ্চর্যজনক হলেও এটাই সত্য আর এই সত্য ঘটনাটি উঠে আসলো মেলাঘর থানার অন্তর্গত দশরথবাড়ি এডিসি ভিলেজের মধুচরণ পাড়া এলাকা থেকে। জানা গেছে মধুচরণ পাড়ার প্রায় এক কিলোমিটারের মধ্যে দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, তার মধ্যে একটি মধুচরণ পাড়ার আরেকটি পাল পাড়ায় অবস্থিত।

গত চার মাস ধরে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের গাফিলতির কারণে বঙ্ক বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোন শিক্ষিকা নেই যার ফলে শিক্ষিকা বিহীন অবস্থায় চলছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি কিন্তু মেলাঘর সিডিপিও অফিসের পক্ষ থেকে এই অঙ্গনারী কেন্দ্রটি পরিচালনা করার জন্য দায়িত্ব দেওয়া হয় পালপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা পুষ্পরানি দেবনাথকে কিন্তু একজন শিক্ষিকাকে দুটি অঙ্গনওয়াড়ি সেন্টার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।

আর অন্যদিকে ব্যাহত হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টারের ছোট ছোট শিশুদের পাঠদান, যদিও এই সমস্যার সমাধানে কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের। তবে সঠিক নিয়োগ প্রক্রিয়ার সম্পন্ন করতে ব্যর্থ সংশ্লিষ্ট দপ্তর যার ফলে আজ এই পরিণতি। একজন শিক্ষিকা একদিনে কোনোভাবেই দুটি অঙ্গনারী সেন্টার চালাতে পারে না তাই শিশুদের পাঠদানের সম্পূর্ণভাবে ব্যাঘাত ঘটবেই। এদিকে শিক্ষিকা কোনভাবেই ভেবে উঠতে পারছেন না তিনি প্রকৃতপক্ষে কোন অঙ্গনারী সেন্টারটি সঠিকভাবে পরিচালনা করবেন। তাই স্থানীয় এলাকাবাসীদের দাবি খুব দ্রুত যেন বঙ্ক বাড়ি অঙ্গনারী কেন্দ্রে শিক্ষিকা নিয়োগ করে এই সমস্যা দূর করার ব্যবস্থা করে।

Leave a Comment