ভাড়ার টমটমের ব্যাটারি চুরি!পথে বসার মুখে চালক

প্রগতি ত্রিপুরা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬: ভাড়ার টমটম চালিয়েই চলত সংসার। কিন্তু এক রাতেই সব শেষ। সন্ধ্যার অন্ধকারে রাজপথের পাশ থেকে টমটমের চারটি ব্যাটারি চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনায় চরম হতাশা ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন এক টমটম চালক ও তাঁর পরিবার।ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলা-র অন্তর্গত ধর্মনগর থানা এলাকার পূর্ব হুরুয়া গ্রাম পঞ্চায়েত-এর ৩ নম্বর ওয়ার্ডে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা আসিম শর্মা (পিতা—প্রয়াত হরেন্দ্র শর্মা) একটি ইলেকট্রিক টমটম ভাড়ায় চালিয়ে নিজের সংসার প্রতিপালন করতেন। প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ তিনি পূর্ব হুরুয়া রেশন শপ সংলগ্ন এলাকায় টমটমটি রেখে পাশের মামার বাড়িতে যান।

প্রায় ২০–২৫ মিনিট পর ফিরে এসে টমটম স্টার্ট দিতে গেলে সেটি চালু হচ্ছিল না। প্রথমে যান্ত্রিক ত্রুটি ভেবে তিনি পরীক্ষা করতে গিয়ে দেখেন—টমটমের চারটি ব্যাটারিই উধাও। বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার চেঁচামেচি করলে আশপাশের লোকজন ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন। তবে দীর্ঘ তল্লাশির পরও চুরি যাওয়া ব্যাটারির কোনো হদিশ মেলেনি।

এরপরই টমটম চালক আসিম শর্মা ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, এর আগে ওই এলাকায় এ ধরনের চুরির ঘটনা কখনও ঘটেনি। তাঁর বক্তব্য, “এই টমটমটাই ছিল আমার পরিবারের একমাত্র রোজগারের মাধ্যম। ব্যাটারি চুরি যাওয়ায় এখন কাজ বন্ধ। চারটি ব্যাটারির বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা—এটা আমার পক্ষে নতুন করে কেনা অসম্ভব।”

তিনি পুলিশের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, দ্রুত তদন্ত চালিয়ে যেন চুরি যাওয়া ব্যাটারিগুলি উদ্ধার করা হয়। তবে অভিযোগ দায়েরের প্রায় ২৪ ঘণ্টা অতিক্রান্ত হতে বসলেও এখন পর্যন্ত পুলিশের তরফে কোনো উদ্ধার অভিযান বা উল্লেখযোগ্য অগ্রগতির খবর সামনে আসেনি।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। সাধারণ মানুষের দাবি, পুলিশ যেন দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্ত চালিয়ে চুরি চক্রের হদিশ পায় এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে।

Leave a Comment