৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রে খসড়া ভোটার তালিকায় মোট ভোটার ৪৫,৬৩১ জন

অনলাইন ডেস্ক, ২২ জানুয়ারী, ২০২৬: ভারতের নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুসারে ৫৬-ধর্মনগর বিধানসভা নির্বাচন ক্ষেত্রের উপনির্বাচনের পরিপ্রেক্ষিতে ০১.০১.২০২৬-কে ভিত্তিবর্ষ ধরে খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে।

খসড়া ভোটার তালিকার প্রতিলিপি ৫৬-ধর্মনগর বিধানসভা নির্বাচন ক্ষেত্রের অন্তর্গত সমস্ত মনোনীত স্থানে অর্থাৎ ৫৫টি ভোটকেন্দ্রে সমস্ত তহশিল অফিসে, নির্বাচন নিবন্ধন আধিকারিক (মহকুমা শাসক) এর অফিসে, জেলা নির্বাচন আধিকারিক (ডি.এম.) অফিসে দেখা যাবে।

এছাড়া মুখ্য নির্বাচন আধিকারিকের ওয়েবসাইটেও খসড়া ভোটার তালিকার প্রতিলিপি পাওয়া যাবে। খসড়া ভোটার তালিকা অনুযায়ী ৫৬-ধর্মনগর বিধানসভা নির্বাচন ক্ষেত্রের মোট ভোটার ৪৫,৬৩১ জন।

এরমধ্যে পুরুষ ও মহিলা ভোটার যথাক্রমে ২২,১৮৭ জন ও ২৩,৪৪৪ জন। খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত মোট সার্ভিস ভোটার ৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৯ জন এবং মহিলা ভোটার ৩ জন।

খসড়া ভোটার তালিকার উপর দাবি ও আপত্তি দাখিল করার সময়সীমা ২২ জানুয়ারি, ২০২৬ থেকে ১২ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত। দাবি ও আপত্তি নিষ্পত্তির সময়সীমা ২১ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে ২৮ ফেব্রুয়ারি, ২০২৬।

জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ধারা ২৪ অনুযায়ী ই.আর.ও.-র যে কোনও সিদ্ধান্তের বিরুদ্ধে ধারা ২৪(ক) অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের নিকট আপিল করা যাবে এবং প্রথম আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে ধারা ২৪(খ) অনুযায়ী মুখ্য নির্বাচনী আধিকারিক (সি.ই.ও.)-এর নিকট দ্বিতীয় আপিল করা যাবে।

যা নির্বাচনকারী নিবন্ধন বিধিমালা, ১৯৬০-এর বিধি ২৭-এ নির্ধারিত পদ্ধতি অনুসারে সম্পন্ন হবে। মুখ্য নির্বাচন আধিকারিক কার্যালয় থেকে এক প্রেস নোটে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment