পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

প্রগতি ত্রিপুরা, ২০ ডিসেম্বর, ২০২৫: পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাগৃহে সম্প্রতি পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সভায় সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন কমিটির বিভিন্ন সদস্য সদস্যাগণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। সভায় জিলা পরিষদ থেকে জানানো হয়, খুব শীঘ্রই জেলার ৯১টি গ্রাম পঞ্চায়েত থেকে ৩ জন করে মোট ২৭৩ জনকে সেলাই মেশিন দেওয়া হবে।

ক্ষুদ্র সঞ্চয় দপ্তরের পশ্চিম জেলা আধিকারিক সভায় জানান, চলতি অর্থবছরে পশ্চিম জেলার তিনটি মহকুমা থেকে স্বল্প সঞ্চয় প্রকল্পে ৭২০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিলো।

এখন পর্যন্ত ৪৯৪.৬১ কোটি টাকা সংগ্রহ হয়েছে। মহকুমাগুলির মধ্যে জিরানীয়া মহকুমা থেকে ৪৮ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ৩৩.৩৫ কোটি টাকা, সদর মহকুমায় ৬৪২ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ৪৩৯.৩৯ কোটি টাকা, মোহনপুর মহকুমায় ৩০ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ২২.৮৭ কোটি টাকা সংগৃহীত হয়েছে।

পরিসংখ্যান দপ্তরের প্রতিনিধি সভায় জানান, ন্যাশনাল স্যাম্পল সার্ভের ৮০তম রাউন্ডের চতুর্থ সাব রাউন্ডের কাজ চলছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই রাউন্ডের কাজ চলবে।

এই রাউন্ডে স্বাস্থ্য বিষয়ক ও ট্যুরিজম বিষয়ক সার্ভের কাজ করা হচ্ছে। জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল পরিসংখ্যান দপ্তরের প্রতিনিধিদের গ্রাম পঞ্চায়েতগুলি সার্ভে করার সময় গ্রাম প্রধান, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও জিলা পরিষদের প্রতিনিধিদের জানিয়ে সার্ভে করার পরামর্শ দেন।

Leave a Comment