প্রগতি ত্রিপুরা, ১১ নভেম্বর,২০২৫: রাজ্যের আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টে জটিল রোগ চিকিৎসা পরিষেবা অব্যাহত রয়েছে। গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ প্রতাপগড়ের সুভাষ নগরের জগৎপল্লী এলাকার ৩২ বছর বয়সী এক মহিলা জিবিপি হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টের বহির্বিভাগে আসেন। তিনি বিগত তিন বৎসর যাবৎ পেট ব্যথা, গলা-জ্বলা, পেট ফুলে যাওয়া সহ একাধিক উপসর্গে ভূগছিলেন।
মহিলার কখনো কখনো খাবার আটকে বমি বমি ভাব হতো এবং রাতের দিকে শ্বাসকষ্ট হতো। এই সমস্যাগুলি সমাধানে তিনি অনেক চিকিৎসককে দেখিয়েছেন এবং প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। কিন্তু মহিলার সমস্যার কোনও লাঘব হয়নি।
তখন আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডাঃ শুভদীপ পাল গত ১৩ অক্টোবর ২০২৫ রোগী সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যবেক্ষণ কবে দেখতে পান যে মহিলার পাকস্থলী ও গলার সংযোগস্থলে অর্থাৎ জিই জংশনে একটি পলিপ রয়েছে।
জিই জংশনে পলিপ বলতে একটি অস্বাভাবিক টিস্যুর বৃদ্ধিকে বোঝায়, যা সাধারণত খাদ্যনালীর নিচের দিকে এবং পাকস্থলীর উপরিভাগের সংযোগস্থলে হয়। যার দৈর্ঘ্য ছিল ১০১ সেমি। গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডাঃ পাল মহিলার এন্ডোস্কোপি করেন এবং লোকাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে এই গলিপ অস্ত্রোপচার করেন।
উক্ত অস্ত্রোপচারে কোনও ধরনের ছুরি-কাঁচির দরকার হয় না। আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে এসএস ব্লকে রাজ্যে সদ্য চালু হওয়া সিভি ১৯০ এন্ডোস্কোপি মেশিনের সাহায্যে এই অস্ত্রোপচার করা হয়। এক্ষেত্রে অস্ত্রোপচারের পর রোগীকে এদিনই ছুটি দিয়ে দেওয়া হয়।
বর্তমানে মহিলা সুস্থ আছেন এবং খাওয়া-দাওয়া করতে উনার কোন অসুবিধা হয় না এবং বমি ও শ্বাসকষ্টের মতো এখন আর কোন উপসর্গও নেই। গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডাঃ পাল জানান এই ধরনের অস্ত্রোপচারে অন্য যে কোন বেসরকারি হাসপাতালে এক থেকে দেড় লক্ষ টাকার প্রয়োজন হয়।
কিন্তু আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে সম্পূর্ণ বিনামূল্যে মহিলার এই অস্ত্রোপচার করা হয়। রোগীর কোন টাকা পয়সা খরচ হয়নি। তবে মহিলার দ্রুত এই সমস্যার চিকিৎসা ও অস্ত্রোপচার না করালে তা ক্যান্সারে পরিণত হবার সম্ভাবনা ছিল।
মহিলার পরিবার পরিজনেরা আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে বিনামূল্যে এই অস্ত্রোপচারের সুবিধা লাভ করে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠায় গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট ডাঃ শুভদীপ পাল সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে।







