ঊনকোটি জেলাভিত্তিক যুব উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

প্রগতি ত্রিপুরা, ১১ নভেম্বর,২০২৫:ঊনকোটি জেলাভিত্তিক যুব উৎসব ও বিজ্ঞান মেলা-২০২৫ আজ কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এ বছর উৎসবের থিম ‘ইয়থ ফর হেলদি লাইফ স্টাইল’। অনুষ্ঠানের উদ্বোধন করে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, যুব উৎসব ও বিজ্ঞান মেলা আয়োজনের তাৎপর্য অনেক বেশি।

তিনি বলেন, এই উৎসবের মাধ্যমে যেমন যুবদের প্রতিভা, সৃজনশীলতা যাচাই করা হয় তেমনি পড়াশুনার বাইরেও যে খেলাধুলা, শিল্প, সংস্কৃতির মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ জীবনকে গড়ে তোলা যায় তার পথ দেখায়। যুবদের উদ্দেশ্যে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, জীবনে যে ভাবেই প্রতিষ্ঠিত হোন না কেন রাষ্ট্র প্রেমে, রাষ্ট্র হিতে দেশকে এগিয়ে যেতে সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রধান অতিথির ভাষণে ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস বলেন, দেশের জনসংখ্যার ৬০ শতাংশ হচ্ছে যুব সম্প্রদায়। তারা হল দেশের বড় সম্পদ। তাদের সামনে রেখেই আগামীদিনে বিকশিত ভারতের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস, কুমারঘাটের মহকুমা শাসক এন এস চাকমা, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার।

সভাপতিত্ব করেন কুমারঘাট পুর পরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস। উপস্থিত ছিলেন, কুমারঘাট পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শংকর দেব সহ বিশিষ্টজনেরা। স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয়ের আধিকারিক অমিত যাদব।

যুব উৎসব ও বিজ্ঞান মেলায় সমবেত লোক নৃত্য, সমবেত লোক সঙ্গীত, হিন্দি ও বাংলায় গল্প লেখা, হিন্দি ও বাংলায় কবিতা লেখা, পেইন্টিং, হিন্দি ও বাংলায় আবৃত্তি ও বিজ্ঞান মেলায় বিজ্ঞান মডেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১৫-২৯ বছরের যুবক-যুবতীরা অংশগ্রহণ করে।

Leave a Comment