জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে উদয়পুরে কংগ্রেসের বিক্ষোভ

প্রগতি ত্রিপুরা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে দেশজুড়ে কংগ্রেসের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উদয়পুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করল জেলা কংগ্রেস।

উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে জামতলা এলাকায় পৌঁছায়। সেখানে জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানান কংগ্রেস কর্মী-সমর্থকেরা। এ সময় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিভিন্ন স্লোগানও দেন তাঁরা।

কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, নির্বাচন প্রক্রিয়া এবং ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের দাবি, এই পরিস্থিতিতে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের কার্যক্রম আইন ও নির্ধারিত পদ্ধতি অনুযায়ী পরিচালিত হচ্ছে বলে জানানো হয়েছে।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, বিভিন্ন ব্লক কংগ্রেসের সভাপতি, জেলা যুব কংগ্রেস সভাপতি, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য-সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং কর্মী-সমর্থকেরা।

উল্লেখ্য, এর আগে একই দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলাতেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এবং জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ করা হয়। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তাদের প্রতিবাদ ও আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে।

Leave a Comment