বিশ্ব জলাতঙ্ক দিবসে অভয়নগরে বিনামূল্যে পশুদের টিকাকরণ

প্রগতি ত্রিপুরা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬: বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে সোমবার অভয়নগর রাজ্য পশুচিকিৎসা হাসপাতাল ও পলিক্লিনিকে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং প্রাণীদের সময়মতো টিকাকরণের গুরুত্ব তুলে ধরা।

এবারের বিশ্ব জলাতঙ্ক দিবসের মূল বার্তা ‘একসাথে আমরা আরও শক্তিশালী’। সেই ভাবনাকে সামনে রেখে এদিন পোষ্যসহ বিভিন্ন প্রাণীর জন্য বিনামূল্যে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। দপ্তর সূত্রে জানা গেছে, বেসরকারিভাবে এই টিকার জন্য প্রায় ১,০০০ থেকে ১,২০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে। তবে সরকারি উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে এদিন প্রাণীদের বিনামূল্যে টিকাকরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা নিরাজ কুমার চঞ্চল, সহকারী অধিকর্তা বিমল কৃষ্ণ দাস, সহকারী অধিকর্তা সুজিত সাহা-সহ দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে নিয়মিত টিকাকরণ, প্রাণীর কামড়ের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা গ্রহণ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। একইসঙ্গে মানুষের পাশাপাশি পোষ্য ও অন্যান্য প্রাণীর সুরক্ষার বিষয়টিও গুরুত্ব সহকারে তুলে ধরা হয়।

বিশ্ব জলাতঙ্ক দিবসের এই কর্মসূচির মাধ্যমে প্রাণীদের টিকাকরণের পাশাপাশি রোগটি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন দপ্তরের আধিকারিকরা।

Leave a Comment