পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা ও শ্রম আইন মানতে ইটভাটা মালিকদের নির্দেশ

প্রগতি ত্রিপুরা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬: শীতের মরশুমে ত্রিপুরায় আসতে চলা পরিযায়ী শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা এবং শ্রম আইন অনুযায়ী কর্মসংস্থান নিশ্চিত করতে ইটভাটা মালিক ও উদ্যোক্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করল শ্রম দফতর। বৃহস্পতিবার শ্রম দফতরের মিলনায়তনে আয়োজিত এই বৈঠকে রাজ্যের বিভিন্ন জেলার ইটভাটা মালিক ও উদ্যোক্তাদের পাশাপাশি ব্রিক কিলন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম কমিশনার বিশ্বজিৎ পাল, যুগ্ম শ্রম কমিশনার বিনয় ভূষণ দাস এবং চিফ ইনস্পেক্টর অব ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লারস সূর্য পাল মজুমদার।

বৈঠক শেষে শ্রম কমিশনার বিশ্বজিৎ পাল জানান, প্রতিবছরের মতো এবারও শীতের মরশুমে রাজ্যের বিভিন্ন ইটভাটায় পরিযায়ী শ্রমিক আসার সম্ভাবনা রয়েছে। শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর তাঁদের পরিচয় ও প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ, পরিচয়পত্র প্রদান এবং শ্রমিকদের রেজিস্টার সঠিকভাবে রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও ইটভাটায় কর্মরত শ্রমিকদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ আবাসনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়। আবাসন এলাকায় পর্যাপ্ত শৌচাগার, মহিলা শ্রমিকদের জন্য পৃথক শৌচাগার এবং নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও মালিকদের সতর্ক করা হয়।

পরিযায়ী শ্রমিকদের সঙ্গে আসা পরিবারের সদস্যদের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। অনেক শ্রমিকের সঙ্গে শিশু ও কিশোর-কিশোরীরা ত্রিপুরায় আসে। তাই তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিশুদের ইটভাটার কর্মস্থলে প্রবেশ না করতে দেওয়ার জন্য মালিকদের নির্দেশ দেওয়া হয়।

শিশুদের জন্য কর্মস্থল থেকে পৃথক নিরাপদ জায়গা নির্দিষ্ট করে সেখানে খেলাধুলা ও সময় কাটানোর উপযুক্ত পরিবেশ তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। এর ফলে কর্মস্থলে শিশুদের দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব হবে বলে বৈঠকে জানানো হয়।

পাশাপাশি শ্রমিক নিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে প্রচলিত শ্রম আইন অনুযায়ী সমস্ত বিধিবদ্ধ ব্যবস্থা যথাযথভাবে পালন করার জন্য ইটভাটা মালিক ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়।

শ্রম দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের বিষয়ে ইটভাটা মালিক বা উদ্যোক্তাদের কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার শ্রম দফতরের আধিকারিক ও পরিদর্শকরা প্রয়োজনীয় সহায়তা করবেন। শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি ইটভাটা শিল্পের কাজ সুষ্ঠুভাবে পরিচালনায় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও বৈঠকে জানানো হয়।

Leave a Comment