হস্টেলে স্থায়ী ওয়ার্ডেন ও নিরাপত্তার দাবিতে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিরেক্টরের দ্বারস্থ টিএসইউ

প্রগতি ত্রিপুরা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬: রাজ্যের বিভিন্ন উপজাতীয় হস্টেলে নিরাপত্তা, খাবারের মান এবং পরিকাঠামো উন্নয়নের দাবিতে ট্রাইবাল ওয়েলফেয়ার দফতরের দ্বারস্থ হল ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (TSU)। বুধবার সংগঠনের এক প্রতিনিধি দল ট্রাইবাল ওয়েলফেয়ার ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ করে একাধিক দাবিতে স্মারকলিপি প্রদান করে।

টিএসইউ-র প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে রাজ্যের প্রতিটি উপজাতীয় হস্টেলে স্থায়ী ওয়ার্ডেন নিয়োগ এবং সার্বক্ষণিক নিরাপত্তার জন্য নিরাপত্তারক্ষী মোতায়েন। সংগঠনের দাবি, হস্টেলগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।

এছাড়াও সাম্প্রতিক সময়ে বিভিন্ন হস্টেলে ঘটে যাওয়া অনভিপ্রেত ও সন্দেহজনক মৃত্যুর ঘটনাগুলির দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জুবিকা ত্রিপুরা-সহ বিভিন্ন ঘটনার তদন্ত দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়।

হস্টেলে ছাত্রছাত্রীদের খাবারের মান উন্নয়নের পাশাপাশি বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে খাবারের জন্য বরাদ্দ বৃদ্ধির দাবিও জানানো হয়েছে। টিএসইউ-র অভিযোগ, পর্যাপ্ত বরাদ্দের অভাবে ছাত্রছাত্রীরা প্রয়োজনীয় পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছেন।

এর পাশাপাশি আগরতলা শহরের বিভিন্ন কলেজে পড়াশোনা করা দূরবর্তী ও প্রান্তিক এলাকার ছাত্রছাত্রীদের জন্য পর্যাপ্ত হস্টেল এবং উন্নত পরিকাঠামো গড়ে তোলার দাবিও স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে।

টিএসইউ নেতৃত্বের অভিযোগ, এর আগেও একাধিকবার বিভিন্ন বিষয়ে আশ্বাস দেওয়া হলেও প্রত্যাশিত পদক্ষেপ দেখা যায়নি। তাঁদের দাবি দ্রুত কার্যকর না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

Leave a Comment