প্রগতি ত্রিপুরা,২৯ নভেম্বর, ২০২৬: দুর্গন্ধ ও বিকট শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, মেরামত না হলে চুল্লি বন্ধের দাবি। মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করতেও এবার চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে কমলপুরবাসীকে। কমলপুর নগর পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত শ্মশানঘাটে গত ৯ অক্টোবর নতুন বৈদ্যুতিক চুল্লি নির্মাণ করা হলেও তার কার্যকারিতা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। চুল্লি থেকে নির্গত তীব্র দুর্গন্ধ এবং যন্ত্রের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছেন আশপাশের এলাকার বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, গতকাল একই সময়ে তিনটি মৃতদেহ শ্মশানে নিয়ে আসা হয়। এর মধ্যে দুটি মৃতদেহ কাঠের চুল্লিতে দাহ করা হলেও অন্য একটি মৃতদেহ বৈদ্যুতিক চুল্লিতে প্রবেশ করানো হয়। অভিযোগ, রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে দাহ প্রক্রিয়া চললেও তা স্বাভাবিকভাবে সম্পন্ন হচ্ছিল না। মাঝেমধ্যেই মৃতদেহটি চুল্লি থেকে বাইরে বের করে পরীক্ষা করার পর পুনরায় ভেতরে প্রবেশ করানো হচ্ছিল। এর ফলে গোটা শ্মশান চত্বর এবং সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে অসহনীয় দুর্গন্ধ। পাশাপাশি চুল্লির বিকট শব্দে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
এলাকাবাসীর বক্তব্য, দুর্গন্ধের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির ভেতরে থাকাও কষ্টকর হয়ে পড়েছিল। পরিস্থিতির কারণে দরজা-জানালা বন্ধ করে রাখতে বাধ্য হন অনেকে। এক স্থানীয় মহিলা জানান, এর আগে শ্মশানে মৃতদেহ দাহ করার সময় এমন ভয়াবহ দুর্গন্ধের সম্মুখীন হতে হয়নি তাঁদের। নতুন বৈদ্যুতিক চুল্লি চালু হওয়ার পর থেকেই এই ধরনের সমস্যার অভিযোগ সামনে আসছে।
আধুনিক প্রযুক্তিতে নির্মিত বৈদ্যুতিক চুল্লি থাকা সত্ত্বেও কেন দাহ প্রক্রিয়ায় এত সময় লাগছে, কেন বারবার মৃতদেহ বাইরে বের করতে হচ্ছে এবং কেন দুর্গন্ধ ও বিকট শব্দ ছড়াচ্ছে—তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে বৈদ্যুতিক চুল্লির যান্ত্রিক ও প্রযুক্তিগত ত্রুটি পরীক্ষা করে প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা করুক। পাশাপাশি দুর্গন্ধ নির্গমন ও শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। তাঁদের স্পষ্ট বক্তব্য, চুল্লিটি যদি সঠিকভাবে পরিচালনা করা সম্ভব না হয়, তাহলে সেটি চালু রাখার পরিবর্তে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হোক। দ্রুত সমস্যার স্থায়ী সমাধান না হলে শ্মশান সংলগ্ন এলাকার মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাসিন্দারা।







