বামুটিয়ায় ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ২৯ নভেম্বর, ২০২৬: ১৩ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসি-এর উদ্যোগে আজ মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের অন্তর্গত ভাগলপুর বিএসএফ মাঠে ‘ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম–২০২৬’ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. বিশাল কুমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক বলেন, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মসূচির মাধ্যমে সামরিক বাহিনী, পুলিশ এবং সাধারণ মানুষ একসঙ্গে কাজ করার একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সীমান্ত এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ভাইব্র্যান্ট ভিলেজ কর্মসূচির আওতায় সীমান্তবর্তী গ্রামগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই ধরনের কর্মসূচির মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়।তিনি রাষ্ট্রের ঐক্য, সংহতি এবং সামাজিক উন্নয়নে এনসিসির ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দেশের বহু যুবক-যুবতী এনসিসির সঙ্গে যুক্ত হয়ে দেশের উন্নয়ন ও শক্তি বৃদ্ধিতে অংশগ্রহণ করছে। সরকারও এই উদ্যোগে সহযোগিতা করছে।

সামরিক বাহিনী, পুলিশ এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ সীমান্ত এলাকার উন্নয়নে আগামী দিনে মাইলফলক হয়ে উঠবে। তিনি সীমান্ত এলাকার জনগণকে এলাকার নিরাপত্তা রক্ষার পাশাপাশি দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান। একই সঙ্গে যুবক-যুবতীদের এনসিসিতে যোগ দিয়ে দেশ গঠনের কাজে এগিয়ে আসার পরামর্শ দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা অসিত কুমার দাস, ভাগলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জুরন সরকার, উপপ্রধান গৌতম বিন, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, বিশিষ্ট সমাজসেবী শিবেন্দ্র দাস প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে এনসিসি ক্যাডেটরা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডঃ বিশাল কুমারকে গার্ড অব অনার প্রদান করে সংবর্ধনা জানান। অনুষ্ঠানে ১৩ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির কমান্ডিং অফিসার কর্নেল নবপ্রীত সিং বাথ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন। এই উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। বসে আঁকো প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

Leave a Comment