মেধাতালিকা প্রকাশ ও দ্রুত নিয়োগের দাবিতে ফের আন্দোলনে নামছেন টেট-১ উত্তীর্ণ ৩৬৮ প্রার্থী

প্রগতি ত্রিপুরা,২৯ নভেম্বর, ২০২৬: দীর্ঘদিনের অপেক্ষা ও অনিশ্চয়তার অবসান না হওয়ায় আগামীকাল, সোমবার থেকে ফের আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন ২০২৪ সালের টেট-১ (ইউজিটি) পরীক্ষায় উত্তীর্ণ ৩৬৮ জন প্রার্থী। অবিলম্বে মেধাতালিকা প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবিতে নতুন করে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছেন তাঁরা। রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা।

প্রার্থীদের অভিযোগ, পরীক্ষায় সফল হওয়ার পরও প্রায় দু’বছর ধরে তাঁদের নিয়োগের বিষয়ে কোনও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। বারবার সংশ্লিষ্ট দপ্তরের দ্বারস্থ হয়েও সমস্যার সমাধান না হওয়ায় তাঁদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে।

সাংবাদিক সম্মেলনে প্রার্থীরা জানান, ২০২৪ সালে ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের (টিআরবিটি) পরিচালনায় অনুষ্ঠিত টেট-১ পরীক্ষায় প্রায় ৯,৫০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে প্রাথমিকভাবে প্রায় ৪০০ জন উত্তীর্ণ হন। পরবর্তী যাচাই-বাছাইয়ের পর ৩৬৮ জনকে নিয়োগের যোগ্য হিসেবে বিবেচনা করা হয়। অথচ তাঁদের দাবি অনুযায়ী, সংশ্লিষ্ট ক্ষেত্রে ১,০৩৬টি শূন্যপদ থাকা সত্ত্বেও এখনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি।

তাঁদের আরও বক্তব্য, টেট-২, এসটিজিটি এবং পিজিটি পরীক্ষার ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া এগিয়ে গেলেও টেট-১ উত্তীর্ণদের বিষয়ে কোনও উল্লেখযোগ্য অগ্রগতি নেই। এর ফলে যোগ্যতা অর্জন করেও চাকরির অপেক্ষায় থাকতে হচ্ছে তাঁদের।

নিয়োগ প্রক্রিয়া থমকে থাকার পেছনে একটি প্রশ্নের উত্তর নিয়ে আদালতে দায়ের হওয়া মামলাকে কারণ হিসেবে দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, নয়জন অনুত্তীর্ণ পরীক্ষার্থী একটি প্রশ্নের উত্তর মূল্যায়ন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। ২০২২ সালের পরীক্ষায় একটি প্রশ্নের যে উত্তরকে সঠিক হিসেবে গ্রহণ করা হয়েছিল, ২০২৪ সালের পরীক্ষায় একই ধরনের প্রশ্নের ক্ষেত্রে বোর্ডের মূল্যায়নে পরিবর্তন আসে। এই বিষয়টিকে কেন্দ্র করেই আইনি জটিলতা তৈরি হয়েছে বলে জানান তাঁরা।

তবে আন্দোলনকারীদের বক্তব্য, ওই মামলার সঙ্গে ৩৬৮ জন সফল প্রার্থীর নিয়োগের সরাসরি কোনও সম্পর্ক নেই। কয়েকজন পরীক্ষার্থীর আইনি পদক্ষেপের কারণে বাকি যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত করে রাখা উচিত নয় বলে দাবি তাঁদের।

প্রার্থীরা জানান, দুর্গাপূজার আগে টিআরবিটি দপ্তরের সামনে দু’দিনের অবস্থান বিক্ষোভ করেছিলেন তাঁরা। সেই সময় বোর্ডের চেয়ারম্যান উৎসবের পর আদালতের মাধ্যমে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু প্রায় দু’মাস পেরিয়ে গেলেও কোনও দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে অভিযোগ। গত এক মাসে একাধিকবার চেয়ারম্যানের সঙ্গে দেখা করার চেষ্টা করেও সন্তোষজনক উত্তর মেলেনি বলে জানান তাঁরা।

সাংবাদিক সম্মেলনে প্রার্থী পার্থ সাহা রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকটের বিষয়টি তুলে ধরেন। তাঁর দাবি, টিটিএএডিসি এলাকায় প্রায় ৭,০০০ এবং রাজ্যের অন্যান্য সরকারি বিদ্যালয়ে প্রায় ৯,০০০ শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি প্রতি বছর প্রায় ৬০০ থেকে ৭০০ জন ইউজিটি শিক্ষক অবসর গ্রহণ করছেন। ফলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক স্বল্পতা আরও প্রকট হচ্ছে। এই পরিস্থিতিতে পর্যাপ্ত শূন্যপদ থাকা সত্ত্বেও যোগ্য প্রার্থীদের নিয়োগ না করার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

অন্যদিকে, মহিলা প্রার্থীদের পক্ষ থেকেও সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। এক মহিলা প্রার্থী জানান, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বহু মহিলা প্রার্থীকে ব্যক্তিগত ও সামাজিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয়েছে। অথচ দীর্ঘদিন ধরে নিয়োগের অনিশ্চয়তা তাঁদের পারিবারিক ও সামাজিক জীবনেও প্রভাব ফেলছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে শিক্ষামন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ দাবি করেন তিনি। নারী ক্ষমতায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে যোগ্য মহিলাদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

শেষে আন্দোলনকারীরা জানান, আর নতুন করে আশ্বাসের অপেক্ষায় থাকতে চান না তাঁরা। আগামীকাল সোমবার থেকে পুনরায় আন্দোলন শুরু করে মেধাতালিকা প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে সরব হবেন। তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে বলেও সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করেন প্রার্থীরা।

Leave a Comment