প্রশাসনের আশ্বাসে ২ দিনের মাথায় আন্দোলন প্রত্যাহার আত্মসমর্পণকারী জঙ্গিদের

প্রগতি ত্রিপুরা, ০৫ সেপ্টেম্বর, ২০২৬: পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের সাথে সফল বৈঠকের পর দ্বিতীয় দিনেই প্রত্যাহার করা হলো আত্মসমর্পণকারী ৭টি জঙ্গি সংগঠনের ডাকা ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধ কর্মসূচি। ১১ দফা দাবির প্রেক্ষিতে শনিবার জেলাশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর আন্দোলন তুলে নেওয়ার যৌথ সিদ্ধান্ত ঘোষণা করেন বাংলা ও পাহাড়ি সংগঠনের প্রতিনিধিরা।

বৈঠক শেষে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার সাংবাদিকদের জানান, পুনর্বাসন কমিটির ব্যানারে আন্দোলনে নামা দলগুলির প্রতিনিধিদের সাথে বিস্তারিত ও গঠনমূলক আলোচনা হয়েছে। সরকারি নীতি ও বিদ্যমান আইনের কাঠামোর মধ্যে থেকে আন্দোলনকারীদের ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবিগুলি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন। বিশেষ করে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর স্বাক্ষরিত ত্রিপাক্ষিক শান্তি চুক্তির আলোকেই পুনর্বাসন সম্পর্কিত বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আলোচনা পর্ব সফল করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় আন্দোলনের অন্যতম শীর্ষনেতা প্রসেনজিৎ দেববর্মাকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন জেলাশাসক।

অন্যদিকে, নয়া দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক সেরে শনিবারই রাজ্যে ফেরেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। আগরতলা নেমেই তিনি আত্মসমর্পণকারী আন্দোলনকারীদের বিষয়টি দ্রুত ও গুরুত্বের সাথে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট প্রশাসনিক পদস্থ কর্তাদের স্পষ্ট নির্দেশ দেন।

উল্লেখ্য, দীর্ঘদিনের বকেয়া পুনর্বাসন ও শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে গত শুক্রবার থেকে এই ৭২ ঘণ্টার অবরোধ শুরু হয়েছিল। দ্বিতীয় দিনে প্রশাসনের এই মধ্যস্থতা এবং মুখ্যমন্ত্রীর তৎপরতায় সম্ভাব্য বড়সড় অচলাবস্থা থেকে স্বস্তি পেল রাজ্যের সাধারণ জনজীবন।

Leave a Comment