চড়িলামে ভিএসসি নির্বাচনে একযোগে ৮৪ প্রার্থীর মনোনয়নপত্র পেশ টিপ্রা মথার

প্রগতি ত্রিপুরা, ০৫ সেপ্টেম্বর, ২০২৬: ভিলেজ কমিটি (ভিএসসি) নির্বাচনকে ঘিরে চড়িলাম এলাকায় রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। চড়িলাম ব্লক এলাকার ১০টি ভিলেজ কমিটির সর্বমোট ৮৪টি আসনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করে বিপুল উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করল টিপ্রা মথা পার্টি। শনিবার এক সুবিশাল মিছিলে অংশ নিয়ে চড়িলাম আরডি ব্লকে গিয়ে বিডিও তথা রিটার্নিং অফিসারের নিকট দলীয় প্রার্থীরা তাঁদের মনোনয়ন পত্র জমা দেন।

এদিনের এই কর্মসূচিতে প্রধান নেতৃত্ব হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুবোধ দেববর্মা, এডিসি সদস্য (এমডিসি) বুধু দেববর্মা সহ যুব টিপ্রা ফেডারেশনের (ওয়াইটিএফ) ব্লক স্তরের পদাধিকারী ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। চড়িলাম বিইউসি প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিশাল এই মিছিলে পাঁচ হাজারের বেশি কর্মী-সমর্থকের সমাগম ঘটে। মিছিলটি পুরো চড়িলাম এলাকা পরিক্রমা করে ব্লক কার্যালয়ে গিয়ে পৌঁছায়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিপ্রা মথার স্থানীয় নেতৃত্ব শহিদুল ইসলাম জানান, চড়িলাম ব্লকের অধীনস্থ ১০টি ভিলেজ কমিটির ৮৪ জন প্রার্থী চড়িলাম আরডি ব্লকে নিজেদের মনোনয়নপত্র পেশ করছেন। শাসক দল বিজেপির সঙ্গে ভিলেজ কমিটি নির্বাচনে কোনো জোট বা আসন সমঝোতা হয়েছে কি না— সংবাদমাধ্যমের এই প্রশ্নের জবাবে নেতৃত্ব স্পষ্ট করেন যে, আসন বণ্টন সংক্রান্ত চূড়ান্ত নির্দেশ বা সিদ্ধান্ত দলীয় সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মাই দেবেন। তাঁরা সম্পূর্ণ স্বাধীনভাবে নিজস্ব দলীয় শক্তিতে সমস্ত আসনে লড়াই করার জন্য ঝাঁপিয়ে পড়েছেন এবং এলাকার সমস্ত কটি ভিলেজ কমিটিতে জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী।

Leave a Comment