প্রগতি ত্রিপুরা, ০৫ সেপ্টেম্বর, ২০২৬: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায় তিনটি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, TR 01 CH 0226 নম্বরের একটি গাড়ি খোয়াই থেকে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে যাওয়ার সময় সোনাতলা বাসুদেব বাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটো গাড়িতে সজোরে ধাক্কা মারে।
ধাক্কার তীব্রতায় অটোটি রাস্তার পাশের একটি গর্তে গিয়ে পড়ে। এরপর ওই গাড়িটি আরও একটি মালবাহী গাড়িতে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। অতিরিক্ত গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে তিনটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় খোয়াই দমকল দপ্তর এবং খোয়াই থানায়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান।
এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে তাঁরা বিষয়টির প্রতি খোয়াই পুলিশ এবং ট্রাফিক ইউনিটের বিশেষ নজর দেওয়ার দাবি জানিয়েছেন।







